সীমান্তে, মহাসড়কে, সমুদ্রবন্দর দিয়ে অহরহ বাংলাদেশে ঢুকছে ভয়াবহ সব মাদক। সর্বশেষ, চট্টগ্রাম সমুদ্রবন্দরে কোকেনের চালান আটক হয়েছে। একের পর এক ঘটনা ইঙ্গিত দিচ্ছে, এশিয়ায় বাংলাদেশ মাদক পাচারের অন্যতম গন্তব্য ও ট্রানজিটে পরিণত হয়েছে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোও বারবার এই হুঁশিয়ারি জানিয়ে আসছে। সমস্যাটা এতটা বাড়তে পেরেছে সরকারের মাদক নিয়ন্ত্রণ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার সুযোগে।
গত ২২ জুন পুলিশের এক এএসআইকে ২৭ কোটি ২০ লাখ টাকা দামের ইয়াবাসহ আটক করার খবর প্রথম আলোতেই প্রকাশিত হয়। পুলিশের ভেতর ইয়াবা ও মানব পাচারে জড়িত ব্যক্তিদের তালিকাও তৈরি করা হচ্ছে। আর শনিবারে বন্দরে ধরা পড়ল কোকেনের বড় চালান। সূর্যমুখী তেল আমদানির আড়ালে এই পাচার প্রায় সফলভাবে ঘটে যাচ্ছিল। বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হলেও বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন আটক করা সম্ভব হয়। ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দাদের এ বিষয়ে তদন্তে আসার সংবাদও প্রকাশিত হয়েছে। এর অর্থ, আমাদের গোয়েন্দা সংস্থা ও মাদক নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ব্যক্তিরা হয় ততটা দক্ষ নন, নয়তো দায়িত্ব পালনে তাঁদের গাফিলতি রয়েছে। দীর্ঘদিন ধরে ইয়াবা চোরাচালানের সংবাদ প্রকাশিত হলেও, সংশ্লিষ্টদের হাতে চোরাচালানিদের তালিকা থাকলেও মাদক পাচারকারীদের নেটওয়ার্ক ধ্বংস না করার কারণ কী?
সত্য যে বাংলাদেশের একার পক্ষে এ দেশকে মাদক চোরাচালানিদের ট্রানজিট হিসেবে ব্যবহার করা বন্ধ করা সম্ভব নয়। এর জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। কিন্তু দেশের ভেতরে মাদকের ব্যবসা ও ব্যবহারের বিস্তার রোধ করার দায়িত্ব তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদক অধিদপ্তরের। কী করছে তারা? অনেক সময় দেখা যায়, পুলিশের ভেতরেই অনেকে মাদক ব্যবসায় শরিক হচ্ছেন। এঁদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ব্যবসা ও আমদানির নামে চোরাচালানকারী রাঘববোয়ালদেরও আটক করা হোক। এ ব্যাপারে সর্বাত্মক অভিযান চালানোর বিকল্প নেই।
আরও পড়ুন