আশা আর তারুণ্য যেন আত্মা আর দেহ। আশাহীন তারুণ্য আত্মাহীন দেহের মতো। তরুণেরা জৈবিক এবং সামাজিক দুই কারণেই স্বভাবতই আশাবাদী। নিজের জীবন নিয়ে আশাই তাকে উদ্যমী করে, সক্রিয় করে। তবে, আশার চাবিকাঠিটি তখনই কাজ করে, যখন তরুণেরা হয় আত্মবিশ্বাসী। ঢাকায় অনুষ্ঠিত এক তরুণ সম্মেলনে সেই আত্মবিশ্বাসই জাগানোর চেষ্টা করা হয়েছে। যথার্থভাবেই সেখানে বলা হয়েছে, যার যা আছে তাই নিয়েই এগোতে হবে। আজকের অশান্ত সময়ে আত্মবিশ্বাসের পালে ভর করে আশার সাম্পান এগিয়ে যেতে পারে। তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী চেতনায় উজ্জীবিত করতে চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ জন্য সংস্থাটি ঢাকাসহ ৪৬টি জেলার ৪৩০ জন তরুণকে নিয়ে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশের কয়েকজন বিশিষ্টজন সেখানে তরুণদের উদ্দেশে বক্তৃতাও করেছেন। তাঁরা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছেন, দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। অগ্রজের অভিজ্ঞতা থেকেই শিখতে হবে তরুণদের। আর যাঁরা দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল, তাঁদের চিন্তাধারা তরুণদের আলোকিতও করবে সন্দেহ নেই। অজস্র ‘নেই’-এর দেশে যার যা কিছু আছে তাকেই জীবনের বিনিয়োগ হিসেবে ব্যবহার করার চেয়ে যথার্থ পরামর্শও আর হয় না। নিজের চিন্তা, শ্রম, স্বপ্ন, দক্ষতা ও উদ্যমই তরুণদের আসল সম্পদ। অনেক না-থাকা ও অনেক অভিযোগের আক্ষেপের চেয়ে নিজের হাল নিজে ধরাই শ্রেষ্ঠ আত্মবিশ্বাস, এটাও সত্য। কিন্তু যে তরুণেরা সেই সম্মেলনে এসেছেন, তাঁদের মনের কথাগুলোও কি কান পেতে শুনবেন অগ্রজেরা?তরুণেরাই আমাদের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ। সমাজের সব ক্ষেত্রেই তাঁদের পদচারণ। পূর্ব প্রজন্মের প্রতি অশেষ কৃতজ্ঞতার পাশাপাশি তাঁদের অভিযোগও আছে, কেন আরও ভালো বাংলাদেশ তাঁদের হাতে তুলে দেওয়া হলো না? পুরাতনের পাকেচক্রে অনেক ক্ষেত্রেই তরুণেরা নিজেদের মেলে ধরতে পারেন না। সেদিকেও তরুণদের নিয়ে কর্মরত সবার মনোযোগ আসা দরকার। তরুণদের সুযোগ দিন, তাঁদের কথা শুনুন; তরুণ-প্রবীণের ঐকতানের মধ্যেই আমাদের ভবিষ্যতের প্রাণভোমরা লুকানো আছে।