ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে এবারও জটিলতার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আশঙ্কা রয়েছে শ্রমিকদের প্রতারিত ও বঞ্চিত হওয়ার। এই পরিস্থিতিতে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
ঈদের আগে বেতন-বোনাস দেওয়ার জন্য সরকার ও পোশাকশিল্প মালিকদের সমিতি (বিজিএমইএ) একটি তারিখ নির্ধারণ করে দেয়। গতবারের অভিজ্ঞতায় দেখা গেছে, একেবারে শেষ দিকে এমনভাবে এই তারিখ নির্ধারণ করা হয়, যাতে সরকারি কর্মদিবস একেবারেই থাকে না। এই সুযোগে অনেক মালিক শ্রমিকদের আশায় রেখে শেষ সময়ে লাপাত্তা হয়ে যান; ছুটি শুরু হয়ে গেলে শ্রমিকদের করণীয় কিছু থাকে না। ঈদের ছুটির আগে আগে বেতন-ভাতা পরিশোধের এই তারিখ নির্ধারণের বিষয়কে সে কারণেই উদ্দেশ্যমূলক হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে।
এবার সরকার তারিখ নির্ধারণ না করলেও বিজিএমইএ ১০ জুলাইয়ের মধ্যে বেতন ও ১৫ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধের তারিখ নির্ধারণ করেছে। দেখা যাচ্ছে, ১৬ জুলাই বৃহস্পতিবার এবং সেটাই একমাত্র কর্মদিবস। ফলে এবারও অনেক শ্রমিকের প্রতারিত ও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে ২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের একটি দাবি উঠেছে। এই দাবিকে আমরা বাস্তবসম্মত বলেই মনে করি। কারণ, এর মধ্যে কোনো প্রতিষ্ঠান বেতন-ভাতা পরিশোধ না করলে সরকারের ও বিজিএমইএর পক্ষে হস্তক্ষেপ করা সহজ হবে। আর শেষ সময়ে বেতন-বোনাস দেওয়া হলে অনেক শ্রমিক ঈদের কেনাকাটা করার কিংবা প্রিয়জনের জন্য উপহার দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
শ্রমিকদের প্রতারিত বা বঞ্চিত করার কোনো অভিপ্রায় না থাকলে তাঁদের পাওনা আগে পরিশোধ করতে সমস্যা হওয়ার কথা নয়। আমরা মনে করি, সরকারের এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে পড়েছে। শুধু বেতন-বোনাস পরিশোধের শেষ তারিখই নয়, সেটা যাতে মালিকেরা মানতে বাধ্য হন, তাও নিশ্চিত করতে হবে।