বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল ফিতর। পুরো রমজান মাসে সংযম সাধনার শেষে ঈদ উৎসব আমাদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। আমরা আমাদের প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-অভিনন্দন।
পবিত্র রমজান আসে ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধনের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির সুযোগ নিয়ে। রোজা পালনের মধ্য দিয়ে সর্বপ্রকার মিতাচারের অনুশীলন ঘটে। রমজান মাসজুড়ে যে সংযমের অনুশীলন চলে, তা আমাদের সর্বপ্রকার সীমালঙ্ঘনের নেতিবাচক প্রবণতা পরিত্যাগে সহায়ক হয়। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—সব নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে মানবীয় সদ্গুণাবলি অর্জনের সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। এই এক মাস আমরা যে সংযম সাধনা করি, বছরের বাকি দিনগুলোতেও যেন তার প্রতিফলন ঘটে। আর পবিত্র ঈদুল ফিতর যে আনন্দের বার্তা বয়ে আনছে, সেই আনন্দ সারা বছর যেন সবার জীবনে অটুট থাকে।
ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ সপরিবারে গ্রামের বাড়ি যান। সবার যাত্রা নিরাপদ ও নির্ঝঞ্ঝাট করতে সংশ্লিস্ট সব কর্তৃপক্ষের নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করা উচিত। মহাসড়কগুলোয় যান চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মনোযোগী হওয়া জরুরি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা উচিত নয়, যানবাহনের চালকদের সতর্কভাবে যান চালানো উচিত। মহাসড়কে কোনো মোটরযান বিকল হলে কিংবা দুর্ঘটনায় পড়লে সেটিকে দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা জরুরি, যাতে যানজটের সৃষ্টি না হয়।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ-উৎসব সমাগত, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় বিপুলসংখ্যক মুসলমানের প্রাণহানি ঘটছে। আমরা এই নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এসব বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিবেকের প্রতি আহ্বান জানাই।
পবিত্র ঈদুল ফিতর পৃথিবীর সব প্রান্তে শান্তি ও সৌহার্দ্য বয়ে আনুক।