ঈদে ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের ঘটনা নতুন নয়।  প্রতিবারই এমনটি হয়। ঈদের আগে মন্ত্রী-নেতারা আশ্বাস দেন, এবারে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে না। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টোটা। বিশেষ করে, সড়কপথের যাত্রীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়।

অনুসন্ধানে দেখা গেছে, ভাঙাচোরা সড়কের কারণে যাত্রীদুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। যানবাহন দুর্ঘটনার শিকার হয়। ঈদের আগে মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় ১০০ কিলোমিটার ভাঙাচোরা থাকার খবর অতিশয় উদ্বেগজনক। গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ঈদুল ফিতরের সময় অর্থাৎ মাত্র মাস দুই আগে যেসব স্থানে ‘জোড়াতালি’ দিয়ে সড়ক সংস্কার করা হয়েছিল, সেসব পুনরায় আগের অবস্থায় ফিরে গেছে। মাত্র দুই-আড়াই মাসে মেরামত করা
সড়ক কেন বেহাল হয়ে পড়বে? এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দূরে থাক, বিষয়টি তদন্ত করারও প্রয়োজন বোধ করে বলে মনে হয় না। তড়িঘড়ি করে সড়কে যে সংস্কারকাজ হয়, তা টেকসই না হওয়ার যথেষ্ট কারণ আছে।  

গত মে মাসে প্রকাশিত এক সরকারি রিপোর্টই বলছে, দেশের তিন ধরনের সড়কের ২৬ শতাংশের বেশি খারাপ। এর সঙ্গে আমরা ৫ লাখ ফিটনেসবিহীন যানবাহন ও ১৬ লাখ ভুয়া চালকের কথা স্মরণ করতে পারি। সেই সঙ্গে দুর্ঘটনা রোধে বিশেষ কমিটির ৫২ দফা সুপারিশের একটিরও বাস্তবায়ন না হওয়া আমরা বিস্মৃত হতে পারি না। এভাবে আমরা সার্বিক বিচারে সড়ক পরিবহনে যে চিত্র দেখি, তা রীতিমতো আতঙ্কজনক। সুতরাং ঈদের মৌসুমে সড়কের হাল যে আরও নাজুক হবে, সেটাই অবধারিত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অনিরাপদ সড়কের বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে প্রকারান্তরে দুর্দশাগ্রস্ত অবস্থার কথা অস্বীকার করতে পারেনি। তারা বলেছে, এটির নিয়ন্ত্রণ দায় শুধু সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নয়। এ কথায় নিশ্চয় কিছু যুক্তি আছে। কিন্তু দেশে সংসদীয় সরকারব্যবস্থা চলছে। মন্ত্রণালয়ভিত্তিক বিচ্ছিন্নভাবে কারও সাফল্য বা ব্যর্থতা মূল্যায়নের সুযোগ কম। তবে সড়ক নিরাপত্তা ও পরিবহন শৃঙ্খলা–সংক্রান্ত দুটি সর্বোচ্চ পর্যায়ের কমিটির নেতৃত্ব যদি একজনের হাতেই থাকে, তাহলে সর্বোচ্চ জবাবদিহি তো মানুষ তাঁর কাছেই আশা করবে। সড়ক খাতে যেসব অনিয়ম ও অব্যবস্থা চলছে, তা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে যাত্রীদের দুর্ভোগ পোহাতেই হবে।  

এ কথা সত্য যে ঈদের সময় সড়কপথে যাত্রীদের চাপ অস্বাভাবিক বেড়ে যায়। ট্রেনের সংখ্যা বাড়িয়ে সেই চাপ কিছুটা কমানো সম্ভব। কিন্তু সেখানেও সময়সূচির বিপর্যয় দেখা যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে উৎসবের সময় পরিবহনের সংখ্যা বাড়ানো হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

বরাবরের মতো এবারও ঈদযাত্রার আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম ঈদযাত্রার প্রথম দুদিনেই বিভিন্ন রুটে দীর্ঘ যানজটে পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। বিশেষ করে, পদ্মার ফেরির জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ঈদের সময় ফেরি চলাচলের ওপর বাড়তি চাপ পড়ে। এ অবস্থার উত্তরণে যাত্রীবাহী যান ও পণ্যবাহী যানের জন্য আলাদা ফেরির ব্যবস্থা করা হলেও ঘরমুখী মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের। এ ব্যাপারে সড়ক ও সেতু মন্ত্রণালয় তাদের সহযোগিতা চাইতে পারে।  

সর্বোপরি ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন করতে না পারলেও যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টরা সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে কিছু জরুরি ও বাস্তবসম্মত পদক্ষেপ নেবে আশা করি।