ঈদে বাড়ি ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন ডাঙায় বাঘ, পানিতে কুমির। ঈদে বাড়ি ফিরতে উন্মুখ বিপুলসংখ্যক মানুষের মনে এমন একটা ভাবেরই উদয় হতে পারে। কারণ সড়ক ভাঙাচোরা, বন্যা-বৃষ্টিতে তা আরও বেহাল হয়েছে। আর রং–চুন দিয়ে জোড়াতালি দেওয়া বিপজ্জনক লঞ্চ নামছে পানিতে। ওদিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু স্বাভাবিক সময়ে পার হতে যেখানে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট, সেখানে গত বৃহস্পতিবার লেগেছে প্রায় পৌনে তিন ঘণ্টা।
যাত্রাপথে ভোগান্তি আমরা অবশ্য স্বীকার করি যে ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সে জন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে এবং তার কার্যকারিতা নিশ্চয় আছে। গত ঈদুল ফিতরের সময় বিশেষ মনোযোগ ও ব্যবস্থাপনার ফলে লোক চলাচলের ভোগান্তি কম হয়েছে। সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে সাত জেলায় প্রায় পৌনে আট শ কিলোমিটার সড়ক নাজুক হয়ে পড়ার ঘটনা আকস্মিক। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ফেরিঘাট সচল না থাকা ঘরমুখী মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে। ‘ঘাট–সংকটে’ সচল ফেরি অচল হয়ে পড়ে আছে। এখন নদীভাঙনের ব্যাপকতার দোহাই দিলে তা ধোপে টিকবে না।
গত ১৭ জুন প্রথম আলোয় খবর ছাপা হয়েছিল, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি জরুরি ভিত্তিতে বিকল্প ঘাট ও ভাঙন রোধে দরকারি পদক্ষেপ গ্রহণে বিআইডব্লিউটিএকে দফায় দফায় চিঠি দিয়েছে। কিন্তু ঘাটকেন্দ্রিক নদীশাসনে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ২১টি জেলার মানুষের যাতায়াতের এই প্রধান রুটে ঈদের সময় প্রতিদিন প্রায় চার হাজার যানবাহন চলাচল করে, আর এখন আমাদের শুনতে হচ্ছে যে দৌলতদিয়ার পুরো ফেরিব্যবস্থাই যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। দেশের অবশিষ্ট সড়কব্যবস্থা ও তার ব্যবস্থাপনা যে সন্তোষজনক, তা–ও বলা যাবে না।
সুতরাং, আমরা কবে ঈদে প্রাণের টানে ঘরমুখী মানুষের জন্য নিরাপদ যাতায়াতের গ্যারান্টি দিতে পারব? এই ধরনের নিয়ন্ত্রণযোগ্য অব্যবস্থাপনা থেকে কি আমাদের পরিত্রাণ নেই?