পবিত্র ঈদুল ফিতর এগিয়ে আসছে, আর মানুষের মনে শঙ্কা বাড়ছে: ঈদের ছুটিতে বাড়ি যাওয়া কত-না দুর্ভোগময় হতে যাচ্ছে! প্রথমত, যানবাহনের টিকিট সংগ্রহ করার ঝক্কি ও অনিশ্চয়তা, দ্বিতীয়ত, সড়ক-মহাসড়ক, লঞ্চঘাট-ফেরিঘাটে যানজট ও অতিরিক্ত যানবাহনের চাপ থেকে সৃষ্ট বাধাবিপত্তি। ঈদের সপ্তাহ তিনেক আগে থেকে সংবাদমাধ্যমে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা প্রকাশ পাচ্ছে। সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে পরিবহনমালিক ও শ্রমিকদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব বহু গুণ বেড়ে গেছে।
কয়েক দিন ধরে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কের দুর্দশার চিত্র ফুটে উঠেছে। উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগের প্রধান পথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থা অত্যন্ত খারাপ। ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর, বগুড়া-নাটোর ইত্যাদি মহাসড়কেরও জায়গায় জায়গায় ভাঙাচোরা ও খানাখন্দের কারণে এখনই যান চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
নৌপথে চলাচলও নির্বিঘ্ন নয়, মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরিঘাটে নানা রকমের সমস্যা আছে। দৌলতদিয়া প্রান্তে সংযোগ সড়কের অভাবে পরিত্যক্ত ঘাট ব্যবহার করা হচ্ছে জোড়াতালি দিয়ে। অনেক সড়ক-মহাসড়কে মেরামতির কাজ চলছে, যার ফলে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। মেঘনা সেতু, গোমতী সেতুসহ বিভিন্ন সেতুতে ওজন মাপার সময় অপেক্ষমাণ যানবাহনের সারির দৈর্ঘ্য বেড়ে ভীষণ যানজটের সৃষ্টি হয়।
সড়ক-মহাসড়কগুলোর এই অবস্থায় স্বাভাবিক সময়েই মানুষ ও পণ্যবাহী যানবাহনের চলাচল ভোগান্তিময় ও কালক্ষেপক। তাহলে ঈদের সময় যখন একই সঙ্গে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করবে, তখন কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তা ভেবে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দিয়েছেন, মানুষের যেন ভোগান্তি না হয়। এটা অবশ্যই দরকারি নির্দেশ, তবে নির্দেশ যাতে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। ঈদের সময় সড়ক ও নৌপথে চলাচল দুর্ভোগময় হয়েই থাকে—এটাকে যেন অনিবার্য বাস্তবতা মনে করা না হয়।
প্রথমত, সড়ক পরিবহন ও নৌচলাচলের সঙ্গে সম্পৃক্ত সরকারের সব বিভাগের লোকজনকে আন্তরিকভাবে উপলব্ধি করতে হবে যে মানুষের দুর্ভোগ ন্যূনতম পর্যায়ে সীমাবদ্ধ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। দায়িত্ব পালনের তাগিদ অনুভব করা একান্ত প্রয়োজন। সড়ক-মহাসড়কে যানজট এড়ানোর জন্য সমস্যাপূর্ণ প্রতিটি স্থানে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা আরও সুশৃঙ্খল করা দরকার।