ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু না হলেও ঘরে ফেরা মানুষজনের যাত্রা শুরু হয়েছে। প্রতিবার ঈদের সময় এত বেশিসংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যায় যে এ সময়ে যানবাহনের চাহিদা বৃদ্ধি থেকে শুরু করে পুরো যোগাযোগব্যবস্থা জটিল আকার ধারণ করে। আগাম সতর্কতামূলক ব্যবস্থাই কেবল পরিস্থিতি অনেকটা সহনীয় করতে পারে, ঘরমুখো মানুষগুলোর যাত্রায় কিছুটা স্বস্তি আনতে পারে।
দেশের সড়ক ও মহাসড়কগুলোর দুর্দশার অবস্থা আমরা জানি। জোড়াতালি দিয়ে মেরামতের যে চেষ্টা চলছে, তা পুরো সময়টা জারি রাখতে হবে। রাস্তার অবস্থা চরমে পৌঁছার আগেই প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। কারণ, বৃষ্টি-বাদলের কারণে মেরামত করা বিভিন্ন রাস্তার পরিস্থিতি আবার নাজুক হয়ে পড়তে পারে।
সড়ক, নৌ বা রেল—যে পথেই লোকজন বাড়ি ফিরুক না কেন, অস্বাভাবিক চাপের কারণে এ সময় যাত্রা নিরাপদ করার জন্য সামগ্রিক ব্যবস্থাপনায় বাড়তি মনোযোগ ও উদ্যোগ জরুরি। লঞ্চ ও ট্রেনগুলো যাতে ঠিক সময়ে ছাড়তে পারে বা লঞ্চে যাতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠতে না পারে, সেদিকেও নজর থাকতে হবে। মহাসড়কগুলোতে হাইওয়ে পুলিশ ও বিভিন্ন জেলা-উপজেলার পুলিশকেও এ সময় সক্রিয় থাকতে হবে। কোথাও রাস্তায় কোনো যানবাহন বিকল হয়ে পড়লে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে দীর্ঘ যানজটসহ অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
হাটবাজারের কারণেও বিভিন্ন মহাসড়কে যানজটসহ দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। ঈদের সময়টিতে এ ধরনের হাটবাজারগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে ফেলা বা নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। এসব বিবেচনায় নিয়ে উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে বলে ধারণা করি।