একটি দিনেই সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৩ জন। ঈদের পরের দিন দেশের সড়ক-মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা কম থাকার পরও এত মানুষের মৃত্যু চালকদের বেপরোয়াপনাকেই দায়ী করে। বিশেষ করে, রাজধানীতে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু ঘটেছে ফাঁকা সড়কে গাড়িচালকের কারণে। ঈদের ছুটির আনন্দময় পরিবেশ এভাবে আর কত বিষাদের ভারে নিমজ্জিত হবে? চালকদের যোগ্য ও সতর্ক করার কাজে সরকারই বা আর কত অসার প্রতিশ্রুতি দিয়ে যাবে?
মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে ফুটপাতের ওপরে দাঁড়িয়ে ছিলেন বয়সী এক দম্পতি। ৬০ ফুট চওড়া রাস্তা ছেড়ে সেখানে এসে গাড়িটা তাঁদের ধাক্কা দেয়। প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রত্যক্ষদর্শীর ভাষ্য দিয়ে বলা হয়েছে, ওই গাড়িতে তিন মদ্যপ যুবক ছিলেন, গাড়িতে মদের বোতলও মিলেছে। স্থানীয় উপস্থিত লোকজন তঁাদের ধরে গণপিটুনি দিলেও তঁারা পালিয়ে যেতে সক্ষম হন। অনুরূপ ঘটনা ঘটেছে চট্টগ্রামেও। সেখানে একটি প্রাডো গাড়ির ধাক্কায় রিকশারোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
গত রোজার ঈদের সময় সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ১৮৬ জন! এই ১৮৬টি প্রাণ ঝরে যাওয়া কি অনিবার্য ছিল? কিংবা এবারে ঈদের পরের একটি দিনেই ১৩ জনের মৃত্যুকে কি সর্বাংশে দুর্ঘটনা বলা যাবে? প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালক অথবা বৈধ চালকের বেপরোয়াপনা কিংবা গাড়ির ফিটনেসের সমস্যা তো কোনো দৈব ব্যাপার নয়!
সর্বোপরি সড়ক ব্যবস্থাপনার নৈরাজ্য দূর করা কি এই একুশ শতকে কোনো অসম্ভব ব্যাপার? কর্তৃপক্ষের এসব দায়ের জন্য অনেকেই এখন সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলা শুরু করেছেন। এসব অঘটনের জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করতে জবে। দায়ী ব্যক্তিদের কঠিন শাস্তিই কেবল সড়ক দুর্ঘটনার হার কমাতে পারে।