স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী—ছুটি কে না ভালোবাসে? ছুটির খবরে মন দুলে ওঠে, ছুটির দিন যত এগিয়ে আসে, তত চনমন করে ওঠে চিত্ত। আবার যতই ফুরিয়ে আসে ছুটি, ততই কর্মের ডাকে অবসরের আনন্দে ভাটা পড়ে। ছুটির মধ্যে বড় ছুটি হলো ঈদের ছুটি। স্বাভাবিকভাবে এই ছুটি ছিল তিন থেকে চার দিন। কিন্তু এবার ফুল চেয়ে বাগান পাওয়া গেল। সরকারি নির্দেশে সরকারি চাকরিজীবীরা এবার স্বাভাবিকের চেয়ে তিন গুণ, অর্থাৎ নয় দিন ছুটি উপভোগ করবেন।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে এবার এই দীর্ঘতম ঈদের ছুটির ব্যবস্থা করা হয়েছে। এতে শুধু সরকারি চাকরিজীবীরাই আনন্দিত নন, তাঁদের পরিবার, তাঁদের দূরে থাকা স্বজন ও বন্ধু-প্রতিবেশীরাও খুশি থাকবেন। ঈদের ছুটিতে সাধারণত মানুষ বাড়ি যায়। লম্বা ছুটি মেলায় এবার তাই আগের চেয়ে বেশি মানুষ বাড়ি ফিরবেন, গ্রামে ফিরবেন এবং তাঁরা বেশি দিন থাকবেন। অজস্র মানুষ যাঁর যাঁর এলাকায় ফিরলে যে এলাকায় এলাকায় আনন্দ-আড্ডার নহর বইবে, তা অনুমেয়। বাড়ি ফেরার বাইরেও অনেকে এই সুযোগে বেড়াবেন দেশ–বিদেশে। দীর্ঘ ছুটি উপভোগে শরীর-মন আর সামাজিক সম্পর্কগুলোও নবায়িত হবে। এই ছুটির উপহার যাঁরা পাচ্ছেন, তাঁরা নিশ্চয়ই এ জন্য সরকারকে ধন্যবাদও জানাবেন।
কিন্তু এই ছুটির বৃষ্টি তাঁদের ওপর ঝরবে না, যাঁরা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাঁদের জন্য রইল গতানুগতিক সংক্ষিপ্ত ছুটি। তাঁদের মনের অবস্থা: ‘নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না...’। বাংলাদেশের যোগাযোগব্যবস্থার যে দুর্গতি তাতে বাড়ি যাওয়া ও আসাতেই চলে যাবে তাঁদের অনেক সময়। যাঁরা একসময় সরকারি চাকরিকে অবজ্ঞা করতেন, তাঁরা হয়তো বুঝতে পারলেন দিন সব সময় সমান যায় না। বিশেষ করে, সরকারি বেতনকাঠামোয় উল্লম্ফনের পর সরকারি চাকরিজীবীদের মুখের হাসি অন্যদের চেয়ে অনেক প্রশস্ত বলেই মনে হচ্ছে।