আসন্ন ঈদুল ফিতরের সপ্তাহ দুই আগে থেকেই দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোকজনকে টিকিট কিনতে হচ্ছে অতিরিক্ত টাকা খরচ করে। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, কোনো কোনো রুটে বর্ধিত ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ পর্যন্ত হয়েছে। সারা দেশের জন্য সরকার কিলোমিটারপ্রতি বাসভাড়া নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সেই নির্ধারিত হারের বেশি ভাড়া যেন কেউ আদায় করতে না পারে, এ রকম কোনো ব্যবস্থা নেই। ফলে বাসভাড়া বাড়ে পরিবহনমালিকদের ইচ্ছেমতো এবং প্রতিবছর ঈদের সময়ে এটা একটা অলিখিত নিয়মে পরিণত হয়। কিন্তু এই অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ক্ষেত্রে শৃঙ্খলা আনা বিআরটিএর জরুরি কর্তব্য।
ঈদের সময় চলাচলের অনুপযোগী বা ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ রাখার উদ্দেশ্যে রোববার বিআরটিএ পরিবহনমালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে এক সভার আয়োজন করেছিল। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর এক প্রতিবেদন অনুযায়ী ওই সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য বাসমালিকদের প্রতি আহ্বান জানালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম টিকিটপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর দাবি জানান। মন্ত্রী এতে তাৎক্ষণিকভাবে রাজি হননি বটে, কিন্তু ইতিমধ্যেই যে অতিরিক্ত দামে বাসের অগ্রিম টিকিট বিক্রি করা শুরু হয়েছে, সে বিষয়ে কোনো আলোচনা ওই সভায় হয়েছে বলে জানা যায়নি।
বাসমালিকদের দাবি কতটা ন্যায্য, উৎসবের মৌসুম বিবেচনায় বাসভাড়া বাড়ানো যৌক্তিক কি না, যৌক্তিক হলে কী হারে, কতটা বাড়ানো যাত্রীসাধারণের কাছে গ্রহণযোগ্য হতে পারে—এসব বিষয় বিবেচনা করে দেখা হোক। ভাড়া যদি বাড়াতেই হয়, তবে বৃদ্ধির হার যেন যুক্তিসংগত হয় এবং বর্ধিত হার একবার নির্ধারিত হয়ে গেলে যেন সেই হারের চেয়ে একটি টাকাও বেশি দিয়ে কাউকে টিকিট কিনতে না হয়, তা নিশ্চিত করতে হবে। কাজটি বিআরটিএকে করতে হবে এবং এ ক্ষেত্রে বাসমালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতার প্রয়োজন হবে।