প্রতিবছর দুই ঈদের সময় বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকা থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ গ্রামের বাড়িতে যায় এবং ঈদের পর আবার ফিরে আসে। সড়ক, রেল ও নৌ—তিনটি পথেই একসঙ্গে মাত্রাতিরিক্তসংখ্যক মানুষের চলাচলের কারণে যে সংকট দেখা দেয়, তা অসহনীয় দুর্ভোগ আর উল্লেখযোগ্যসংখ্যক মানুষের অকালমৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়। দুঃখজনক বিষয় হলো, ঈদের পরই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এই সংকটের কথা ভুলে যায় এবং পরের বছরের ঈদ পর্যন্ত ভুলেই থাকে। আমরা এখন সে রকমই এক মুহূর্তে; কিন্তু ঈদযাত্রার সংকট আপাতত উতরানো গেছে ভেবে আমরা এটা ভুলে যাওয়ার পক্ষপাতী নই। বরং ভবিষ্যতে আমরা যেন এই সংকট লাঘব করতে পারি, সেদিকে মনোযোগী দৃষ্টি রাখার ও আগাম পদক্ষেপ নেওয়ার তাগিদ দিতে চাই। সে জন্য এবারের ঈদযাত্রার বিভিন্ন দিকের পর্যালোচনা এবং তা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
প্রথমত, ঢাকার সঙ্গে সংযুক্ত দেশের সব অঞ্চলের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা এবারের ঈদুল আজহার বেশ আগেই শোচনীয় হয়ে পড়েছিল। বর্ষা মৌসুম বলে তাৎক্ষণিক মেরামতির কাজ ফলপ্রসূ হয়নি; ভাঙাচোরা ও খানাখন্দময় সড়ক-মহাসড়কে যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর, উপরন্তু যানজটের ফলে কোথাও কোথাও দীর্ঘ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সড়ক দুর্ঘটনায় বরাবরের মতো এবারও অনেক মানুষ হতাহত হয়েছে।
রেলপথে যাত্রীদের মাত্রাতিরিক্ত চাপের কারণে কোনো ট্রেনেরই নির্ধারিত সময়সূচি রক্ষিত হয়নি। এবারও সব ট্রেন চলাচল করেছে ছাদভর্তি মানুষ নিয়ে; যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নৌপথে এবারও অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে, যদিও নৌযানমালিকেরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁরা এবার তা করবেন না। সৌভাগ্যক্রমে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসেনি, এলে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল।
রাস্তাঘাট ও যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা অত্যধিক হলে চলাচলে যেসব সমস্যার সৃষ্টি হয়, ঈদের সময় আমরা তার জটিলতম রূপের মুখোমুখি হই। তবে এসব সমস্যা সম্পূর্ণভাবে সমাধানাতীত বা অনিবার্য নয়। সড়ক-মহাসড়কের যথাসময়ে গুণগত মানসম্পন্ন মেরামতি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থার দক্ষতা-কার্যকারিতা-দায়িত্বশীলতা বাড়ানোসহ সার্বিক ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে ঈদের আগে-পরে মানুষের চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা অবশ্যই হ্রাস করা সম্ভব। রেল ও নৌপথের ক্ষেত্রেও সার্বিক ব্যবস্থাপনা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।