ঈশ্বরগঞ্জের ধর্ষিতা কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর সম্ভ্রমহানির যেকোনো ঘটনায় এ সমাজের একটি প্রচলিত মনোভঙ্গি এমন যে ঘটনার শিকার নারীই যেন নিজের সম্ভ্রমহানির কারণ। পাড়া-প্রতিবেশী এমনকি আত্মীয়স্বজনের মধ্যেও এই মানসিকতা কাজ করে। এ রকম মানসিকতা যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কাজ করে, তখন যৌন অপরাধের শিকার নারীর ন্যায়বিচার পাওয়া অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে যৌন অপরাধের বিরুদ্ধে দেশে অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও ধর্ষণের মতো গুরুতর অপরাধ যে হ্রাস পাচ্ছে না, তার একটি বড় কারণ সম্ভবত এই মানসিকতা।ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামে ১৫ বছরের এক কিশোরী ধর্ষিত হওয়ার পর দুই ধর্ষকের সঙ্গে তাকে পুলিশ থানায় ধরে নিয়ে যায় এই কারণে যে পুলিশের সদস্যদের কাছে ‘মেয়েটির আচরণ যৌনকর্মীদের মতো মনে হয়েছিল’। ধর্ষিতা কিশোরীকে থানাহাজতে রাত কাটাতে হয়েছে, তারপর তাকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করে ময়মনসিংহের বিচারিক আদালতে হাজির করা হয়েছে। এক দিন পর বিচারক অনুগ্রহ করে তাকে জামিনে মুক্তি দিয়েছেন, আর নির্দেশ দিয়েছেন ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার।ধর্ষিতাকে যৌনকর্মী ভেবে পুলিশের সদস্যরা ওই কিশোরীর অভিযোগ অগ্রাহ্য করে উল্টো তাকে থানায় ধরে নিয়ে গেছেন। আর ওই এলাকার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারীসদস্য সাংবাদিকদের জানিয়েছেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে নিয়ে গিয়ে কথিত প্রেমিক ও তার এক বন্ধু ধর্ষণ করেছে। এত বড় একটি অপরাধ স্থানীয় পুলিশ সদস্যদের কাছে গুরুত্ব পায়নি, মেয়েটির আচরণ তাঁদের কাছে যৌনকর্মীর মতো মনে হওয়ার কারণে, যে মনে হওয়াটা একান্তই ভুল। আর মেয়েটি যদি যৌনকর্মী হয়েও থাকে, তাহলে কি তাকে ধর্ষণ করা অপরাধ নয়?কারণ, নারীর প্রতি সহিংসতাসহ সব ধরনের যৌন অপরাধ ও হয়রানি রোধ এবং সংঘটিত অপরাধের আইনি প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতা এক বিরাট প্রতিবন্ধকতা। এ ধরনের ঘটনায় তাদের শাস্তি হওয়া উচিত।