উচ্চ আদালতে বাংলা ভাষা প্রচলন অপরিহার্য করতে জাতীয় সংসদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে উপযুক্ত সাংবিধানিক রক্ষাকবচ দিতে হবে। প্রচলিত আইনে নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের ভাষার বিষয়ে কোনো বিধান নেই। সংবিধানে রাষ্ট্র ভাষা বাংলার কথা বলা আছে এবং তা কার্যকর করার জন্য ১৯৮৭ সালে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে উচ্চ আদালতে বাংলা প্রবেশ করেনি। ইংরেজিতে লেখা আইন ও সংবিধিগুলো বাংলায় তরজমা করারও তেমন উদ্যোগ নেই। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মৌখিক শুনানিকালে অবশ্য বাংলার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাইকোর্ট বিভাগের কয়েকজন মাননীয় বিচারক বেশ কিছু রায় বাংলায় লিখে ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁদের ধন্যবাদ জানাই। তবে এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন আপিল বিভাগ। ইতিমধ্যে হাইকোর্ট বিভাগের বিধি সংশোধন করা হয়েছে। আগে হাইকোর্টে ইংরেজিতে দরখাস্ত করা বাধ্যতামূলক ছিল। এবার ইংরেজির পাশাপাশি বাংলারও ঠাঁই হয়েছে। এটা ইতিবাচক অগ্রগতি বটে। কিন্তু প্রয়োজনের তুলনায় অকিঞ্চিৎকর। সারা বিশ্বে এটা স্বীকৃত যে বিচারপ্রার্থীর ভাষায় আদালতকে পরিচালিত হতে হবে। সে কারণেই জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসে (আইসিসিপিআর) বলা হয়েছে, বিচারপ্রার্থীর বোধগম্য ভাষায় বিচার নিশ্চিত করতে হবে। যদি আদালতের ভাষা অভিযুক্তের বোধগম্য না হয়, তাহলে তার জন্য দোভাষীর ব্যবস্থা করতে হবে। এটা তার মানবাধিকার।শনিবার বাংলাদেশ আইন সমিতি ও প্রথম আলোর যৌথ আয়োজনে ‘উচ্চ আদালতে বাংলা ভাষা: প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে সুপ্রিম কোর্টের রায় বাংলায় লেখার পক্ষে মত দেন। এটা বিবেচ্য যে রাতারাতি উচ্চ আদালত থেকে ইংরেজি তুলে দেওয়া যাবে না। এ জন্য পর্যায়ক্রমে ইংরেজি থেকে বাংলায় উত্তরণ ঘটাতে হবে। আর এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ ও সুপ্রিম কোর্টকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।আমরা মনে করি, আপিল বিভাগ ও হাইকোর্টের প্রতিটি অন্তর্বর্তী আদেশ এবং রায়সংক্রান্ত সংক্ষিপ্ত আদেশ ইংরেজির পাশাপাশি বাংলায়ও হওয়া প্রয়োজন। এই বিষয়ে আমরা মাননীয় প্রধান বিচারপতির উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করি।