উচ্চ আদালতেও মামলা দ্রুত নিষ্পত্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৮ জুলাই সিলেটের বাদোয়ালি গ্রামের দরিদ্র সবজি বিক্রেতা রাজনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে কামরুল ইসলাম ও তাঁর সহযোগীরা তাকে নির্মমভাবে হত্যা করেন। এমনকি হত্যার পর রাজনের লাশ গুম করতেও দ্বিধা করেননি তাঁরা। ঘটনার কয়েক দিন পর হত্যার ভিডিও চিত্র প্রকাশ পেলে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এর তিন সপ্তাহ পর ৩ আগস্ট খুলনায় শরিফ মোটরসের মালিক ওমর শরিফ যে কায়দার শিশু রাকিবকে হত্যা করেন, তা ছিল আরও নির্মম ও পৈশাচিক।

গতকাল ­­সিলেটের দায়রা জজ শিশু রাজন হত্যার দায়ে কামরুলসহ চারজনকে এবং খুলনার দায়রা জজ রাকিব হত্যার দায়ে ওমর শরিফসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলাম ঘটনার পর সৌদি আরবে পালিয়ে গেলেও গত ১৫ অক্টোবর তাঁকে অহেতুক বিলম্ব ব্যতিরেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। শিশু রাজন ও রাকিব হত্যা মামলার সঙ্গে যুক্ত তদন্তকারী কর্মকর্তারা স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে তদন্তকাজ শেষ করে প্রমাণ করেছেন, অর্পিত দায়িত্ব পালনে কর্মকর্তারা কুণ্ঠিত নন, উপরন্তু বিদ্যমান ব্যবস্থার মধ্যেও দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

আমরা আশা করব, সাম্প্রতিক কালে প্রকাশক-লেখক-ব্লগার হত্যাসহ সব মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার–প্রক্রিয়া ত্বরিত সম্পন্ন হবে। মামলার দীর্ঘসূত্রতা ন্যায়বিচারের পথ যেমন রুদ্ধ করে, তেমনি অপরাধীরা হয়ে ওঠে বেপরোয়া। রাজন ও রাকিব হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর প্রত্যাশা থাকবে, আপিল-প্রক্রিয়াটিও দ্রুততম সময়ে শেষ হবে।