উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা থাকার কারণে শ্রীলঙ্কা থেকে ফেরত আসা কনটেইনারটি পাঁচ মাস ধরে পড়ে থাকার বিষয়টি উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরে প্রতিষ্ঠিত তেজস্ক্রিয়তা পরীক্ষার যন্ত্রপাতি সচল থাকা সত্ত্বেও ওই কনটেইনারটির তেজস্ক্রিয়তা ধরা পড়েনি। কারণ, সড়ক সংস্কারের অভাবে কনটেইনারটি বন্দরে যায় ৪ নম্বর গেট দিয়ে, সেখানে ওই যন্ত্র ছিল না। তাই বন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীলতার প্রশ্ন আসে।
উপরন্তু কনটেইনারের তেজস্ক্রিয়তা পরীক্ষাকারী ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কীভাবে নিরাপদ মাত্রার তেজস্ক্রিয়তা থাকার সনদ দিতে পেরেছিল, সে বিষয়ে এখনো পর্যন্ত কারও ভাষ্য পাওয়া যায়নি। যে পণ্যে প্রতি ঘণ্টায় তেজস্ক্রিয়তার মাত্রা ১০ মাইক্রোসিয়েভার্টস পাওয়া গেছে, সেখানে তারা বলেছিল এতে মাত্র দশমিক শূন্য ৩ মাইক্রোসিয়েভার্টস রয়েছে। এখন পর্যন্ত রপ্তানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে, কিন্তু তারও উত্তর মেলেনি বলে জানা যায়।
বন্দরে রপ্তানি করা পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাদুর্ভাগ্যজনক যে এ রকম একটি সংবেদনশীল জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের কেউ জনগণের কাছে একটি কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করল না। যেসব শ্রমিক ওই পণ্য সংগ্রহ করা থেকে জাহাজে তোলা পর্যন্ত সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও তাঁদের কাছে পরিষ্কার করা হয়নি। উপরন্তু, এখন এই বিষাক্ত পণ্য কী করে অপসারণ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে সহযোগিতা দিতে কয়েক দফায় ই–মেইল করলেও কর্তৃপক্ষ কেন নীরব রয়েছে, তারও সদুত্তর নেই।
বিদেশি বন্দরে গিয়ে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিশ্চয় ইতিবাচক বার্তা পৌঁছে দেয়নি। এটা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনাগত একটি ব্যর্থতা। প্রযুক্তি থাকলেও তারা এর সুবিধা নিতে পারেনি। এমনকি এই দুর্ঘটনার পরেও জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারও এগোচ্ছে না। আবার পণ্য সংগ্রহের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা মনে করি, পুরো বিষয়টির তদন্ত হওয়া উচিত।