উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। কিন্তু সেই সময়সূচি অনেককে উদ্বিগ্ন করে তুলেছে। প্রতিবারের মতো এবার প্রতিটি পরীক্ষার আগে অনেক দিন করে ছুটি দেওয়া হয়নি। কিন্তু জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে নিজেকে আর একবার যুদ্ধের জন্য প্রস্তুত করতে এ সময়টুকু খুব দরকার হয় তাদের। উচ্চমাধ্যমিকের বইগুলোতে অধ্যায়ের সংখ্যা একেবারে কম নয়। তাই পরীক্ষার আগে যদি সব অধ্যায় নিজের মতো করে একবার গুছিয়ে নিতে না পারে তো আশানুরূপ ফলাফল প্রত্যাশা করা যায় না। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি পরীক্ষার্থীদের মলিন, অসহায় মুখগুলোর দিকে তাকিয়ে দেখেছেন? সব পড়া সম্পূর্ণরূপে পরীক্ষার আগে পুনরায় আয়ত্ত করেই ভালো করা সম্ভব। কিন্তু সে সময়ের অভাবে যদি কোনো পরীক্ষার্থী ভালো না করতে পারে, তবে দেশের ভবিষ্যৎ থেকে এটি উজ্জ্বল তারকা নিমিষেই ঝরে পড়তে পারে। যদি এই একটা কারণে কেউ একজন আত্মহননের পথ বেছে নেয়, তবে সে দায়ভার কার?প্রতিটি পরীক্ষার আগে অন্তত তিন দিন করে ছুটি দিলে খুব বেশি পিছিয়ে পড়ার কথা নয়, যেখানে একজন পরিক্ষার্থীর জীবন নষ্ট হলে আমরা দশ ধাপ পিছিয়ে পড়ব। একটু নিরীক্ষা করে দেখুন না, খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? হলেও সামান্য এই ক্ষতি দেশের লাখ লাখ পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের তুলনায় অতি সামান্য নয় কি? রুকাইয়া মৌমিঢাকা।