উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে নুচ্চ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে পৃথিবীর সর্বত্র মর্যাদার চোখে দেখা হয়। আমাদের দেশেও এর ব্যতিক্রম ছিল না। এর শিক্ষকেরা তো সমাজে অতি সম্মানিত ব্যক্তি হিসেবেই গণ্য হন। এমনকি ছাত্রদেরও ধরে নেওয়া হয়, তাঁরা অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়; জনপ্রশাসন, সামরিক বাহিনীসহ সব সরকারি চাকরিতে। বিচার বিভাগে নিয়োজিত হবেন তাঁরাই। শিল্প-ব্যবসাসহ সব বেসরকারি খাতও তাঁদেরই নেতৃত্বে থাকার কথা। তাই উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোর ছাত্রদের সবাই যথেষ্ট সমীহের সঙ্গে দেখে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রতিষ্ঠানগুলো কিছু ছাত্রের দলীয় ব্যানার নিয়ে বিতর্কিত কার্যক্রম এই সমীহের বিষয়টিতে ইদানীং ভাটা পড়েছে। এমনকি শিক্ষকদেরও কিছু বিতর্কিত ভূমিকা তাঁদের সম্মানকে করছে প্রশ্নবিদ্ধ। উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোর মর্যাদা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। এগুলোর ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই সংশয়বাদী হয়ে পড়ছেন সংগত কারণেই। অবশ্য দেশের বিদ্যমান অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ভাবমূর্তিতেও গত কয়েক দশকে ভাটার টান পড়েছে। এগুলো দায়ভার হারাতে বসেছে। তবে এ নিবন্ধ মূলত কতিপয় উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে। প্রথমেই আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। রাজধানীর কাছে বৃক্ষরাজির নিবিড় ছায়াঘেরা বিশাল ক্যাম্পাস। চাহিদার সঙ্গে কিছুটা অপ্রতুল হলেও অতি চমৎকার নির্মাণশৈলীর ভৌত অবকাঠামো। জ্ঞানের তপস্যাই এখানকার একমাত্র কাজ হওয়ার কথা। অবশ্য থাকবে তারুণ্যের প্রাণচাঞ্চল্যও। এখানে শিক্ষকতা করেছেন এবং করছেন অনেক জ্ঞানতাপস। এখান থেকে উচ্চশিক্ষাপ্রাপ্ত বেশ কয়েকজন মেধাবী তরুণকে চাকরিজীবনে পেয়েছি সুযোগ্য সহকর্মী হিসেবে। কিন্তু আমরা বেশ কিছু সময় ধরে দেখছি, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সদা অশান্ত। এর একটি বিষয় উপাচার্যকে ঘিরেই। উপাচার্য নিয়োগ দেওয়ার একটি প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়া মেনেই নিয়োগ দিতে হয়। এর ব্যত্যয় ঘটলে যে কেউ আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু তা না করে উপাচার্যবিরোধী আন্দোলন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে ক্রমান্বয়ে কলুষিত করে চলছে। ছাত্র-শিক্ষকদের একটি অংশের আন্দোলনের ফলে আগের উপাচার্য বিদায় নিয়েছেন। এখন আবার বর্তমান উপাচার্যকে ঘিরেও শুরু হয়েছে একই ধরনের আন্দোলন। শিক্ষক সমিতির দাবি তাঁর পদত্যাগ বা অপসারণ। এ দাবি আদায়ে শিক্ষকেরা ক্লাস বর্জন করে চলছেন। মাশুল দিচ্ছেন ছাত্রছাত্রীরা।আলোচিত দাবিটির কারণ হিসেবে বলা হয়েছে, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অসুস্থ হলে তাঁকে সময়মতো সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ফলে ওই ছেলে মারা গেছেন। একজন প্রতিশ্রুতিশীল তরুণের এ ধরনের অকালপ্রয়াণ মর্মান্তিক ও বেদনাদায়ক, সন্দেহ নেই। ঘটনার পরপরই উপাচার্যের বাসাসহ বেশ কিছু স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তবে কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়া উপাচার্যকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করা কতটা যৌক্তিক, তাও ভাববার বিষয়। প্রকৃত কারণ হিসেবে জানা যায়, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া অন্য কাউকে উপাচার্য হিসেবে মেনে নিতে তাঁরা অনিচ্ছুক। এর জন্য কোনো না কোনো ইস্যুতেই তাঁকে বিব্রত করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন বেশ কয়েকজন শিক্ষক হয়তো বা আছেন। তাঁদের কেউ উপাচার্য হতে হলে তো নিয়োগ-প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। নিশ্চয়ই এভাবে আন্দোলন করে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করে নয়। আর ভিসিকে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে—এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। নেই কোনো জোরালো নৈতিক দিক। কখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, ছিলেন সরকারি কলেজের অধ্যাপক—এমন একজন সফল ভিসি ছিলেন আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কখনোই শিক্ষক ছিলেন না—তেমন একজন বিদগ্ধ ব্যক্তি বিচারপতি আবু সাঈদ চৌধুরীও অত্যন্ত সুনামধারী ভিসি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁরা উভয়েই ভিসি হিসেবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অতি সাফল্যের ছাপ রেখে গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে পত্রিকান্তরের খবরে আরও প্রকাশ, সেখানে দুটি ভবনের ৮০ কোটি টাকার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্রলীগকে ২ শতাংশ হারে চাঁদা না দেওয়ায়। ঠিকাদারের মতে, তাঁরা এক দফা চাঁদা দিয়েছেন। তবে নতুন কমিটি গঠিত হওয়ার পর আবারও তারা চাঁদা চাইছে। এ ব্যাপারে ভিসি ন্যায়নিষ্ঠভাবে অনড় অবস্থান নিয়েছেন। অবশ্য ছাত্রলীগ এর দায় চাপাচ্ছে বিরোধীদের ওপর। এই ব্যাধির প্রকোপ দেশের সর্বত্র। আরেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রলীগ আন্দোলন করছে। সংবাদপত্রের সূত্রে জানা যায়, সেই ভিসি টেন্ডার, নিয়োগ ও বদলি-বাণিজ্য করার সুযোগ না দেওয়ায় তারা এই আন্দোলনে নেমে পড়েছে। বর্জন করছে ক্লাস ও পরীক্ষা। সাধারণ ছাত্রছাত্রীরা যাতে ক্লাসে না যান, তার জন্য তারা হুমকি দিচ্ছে। আর সেই হুমকি দেওয়া হচ্ছে সরাসরি মাইক্রোফোনে। কিছুদিন আগেও তারা ভিন্ন ব্যানারে এ দাবি করে আন্দোলন চালিয়েছিল। এতে তখনকার মতো ব্যর্থ হয়ে এখন নতুন উদ্যমে আবার নেমে পড়েছে। অস্থিতিশীল হচ্ছে পরিস্থিতি। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সব কটিতেই কমবেশি এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে। মূল ভূমিকায় থাকে কখনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ছাত্রসংগঠন, আবার কখনো বা শিক্ষকেরা। যেখানে ছাত্ররা মূল ভূমিকায় থাকেন, সে ক্ষেত্রেও বেশ কিছু শিক্ষক তাঁদের ইন্ধন জোগান বলে জনশ্রুতি রয়েছে। ফলে এসব কর্মকাণ্ডে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। প্রশ্নবিদ্ধ হয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদাও। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে দেশের নামীদামি কিছু কলেজ। এগুলোও পিছিয়ে নেই এ ধরনের কাজে। এসব কলেজেও অনার্স ও মাস্টার্স পড়ানো হয়। এর প্রায়গুলোতে ভর্তি থেকে শুরু করে সর্বত্রই চলে অনাচার। কয়েক দিন দক্ষিণ বাংলার শতাব্দীপ্রাচীন বিদ্যাপীঠ বরিশাল বিএম কলেজের একটি ঘটনা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। খবরে প্রকাশ, কার্যরত অধ্যক্ষকে বদলি করতে চাপ দেন শাসক দলের একজন বড় নেতা। আর বিরোধিতা করতে থাকেন আরেক বড় নেতা। তাঁদের সমর্থিত ছাত্রসংগঠনটিও এ বিষয়টিতে দ্বিধাবিভক্ত। অধ্যক্ষ বদলি হন। নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ যোগ দিতে এসে কলেজে প্রবেশের আগেই বৈরী গ্রুপের ছাত্রদের হাতে লাঞ্ছিত হন। সব গণমাধ্যমে প্রকাশিত এ ঘটনার সচিত্র প্রতিবেদন আমাদের উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। এ চিত্রটি আমাদের উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্যকর দিকটিই তুলে ধরছে। অথচ কলেজের অধ্যক্ষ নিয়োগ বা বদলিতে ভূমিকা রাখার কোনো আইনগত ও নৈতিক সুযোগ নেই স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কিংবা ছাত্রসংগঠনগুলোর। এগুলো অনৈতিক, বেআইনি ও দেশের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটি চক্রান্ত বলেই অনেকে ধারণা করছেন। শিক্ষকেরা যদি নৈতিক দিকে অনড় অবস্থানে থাকেন, তবে কোনো চাপের মুখেই নতি স্বীকার করতে হয় না, এমন শিক্ষাপ্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশে এখনো সগৌরবে শির উঁচু করেই আছে। যেমন, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট মাত্র। এর শিক্ষার্থীদের ডিগ্রিও দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি, নিয়োগ কিংবা পরীক্ষা—কোনো কিছুতেই গুণগত মানের সঙ্গে আপস করা হয় না। তাই এখানকার শিক্ষার্থীরা ছাত্রজীবন শেষ করার আগেই নিয়োগপত্র পেতে থাকেন। নিয়োগকারীরা ঘুরঘুর করেন এ ইনস্টিটিউটকে ঘিরে। বুয়েটও মর্যাদায় এর কাছাকাছি অবস্থানে ছিল। সাম্প্রতিক কিছু বেদনাদায়ক ঘটনায় এতে কিছুটা কালিমা লিপ্ত হয়। আশা রাখব, প্রতিষ্ঠানটি অচিরেই হূত গৌরব পুনরুদ্ধার করবে। তাহলে দেখা যাচ্ছে, চাইলে সম্ভব। আর প্রতিকূল পরিস্থিতিতে সবাই হাল ছেড়ে দিলে দেশটি দাঁড়াবে কোথায়?আগেই বলা হয়েছে, সম্মানজনক কিছু ব্যতিক্রম ছাড়া দেশে বিদ্যমান বেশ কিছু প্রতিষ্ঠানে অবক্ষয়ের ছাপ প্রকট আকার ধারণ করেছে। এর প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়বে—এমনটাই মনে হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্বে রয়েছে। তাই এগুলো যাতে বিপন্ন না হয়, তার জন্য সমাজে সবার সক্রিয় হওয়ার আবশ্যকতা রয়েছে। বিশেষ করে শিক্ষক সম্প্রদায় আমাদের দেশে যুগবাহিত রেওয়াজ হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। কখনোই তাঁরা অর্থবিত্তের চমক দেখতেন না। কিন্তু অক্লেশে চমক দেখাতেন শিক্ষার্থীদের গড়ে তুলে। এখনো নিশ্চয়ই অনেকেই তা করছেন বা করতে ইচ্ছুক। তবে বৈরী পরিবেশ তাঁদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এসবের বিরুদ্ধে সাহস নিয়ে তাঁদেরই রুখে দাঁড়াতে হবে। উল্লেখ করা প্রাসঙ্গিক, উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে তরুণ প্রজন্ম অন্যের প্ররোচনায় আজ হানাহানিতে লিপ্ত। ছাত্রসংগঠনগুলোর নেতারা ব্যস্ত অর্থবিত্তের সন্ধানে। তাঁরাও ব্যবহূত হচ্ছেন দাবার ঘুঁটির মতো। আর সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। অপরদিকে দেখি, এই তরুণদেরই একটি অংশ বস্তুত কোনো সাংগঠনিক কাঠামো ব্যতিরেকেই দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দিবানিশি শাহবাগে নতুন প্রজন্ম চত্বরে জমায়েত হয়ে অনড় অবস্থানে আছেন। অথচ তাঁদের কার্যক্রম অহিংস। তাঁদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং করছেন সমাজের প্রায় সব শ্রেণী-পেশার অগণিত মানুষ। জাতীয়, এমনকি অনেক খ্যাতনামা বিদেশি গণমাধ্যমেও তাঁদের সমাবেশের বিশালত্ব প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। অস্বীকার করা যাবে না, তাঁরা দাবির প্রশ্নের অনড় হলেও এটা আদায়ের প্রক্রিয়া সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ। এমনকি তাঁদের একজন সহকর্মী ঘাতকের আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করার পরও তাঁরা সংযত। সরকারের কাছেই দাবি জানাচ্ছেন, অপরাধীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি বিধানের। অথচ কোনো কোনো ছাত্রসংগঠনের একজন কর্মী যদি এভাবে নিহত হতেন, এর পরপরই ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটতে থাকত। চলত অবরোধ। ক্ষতিগ্রস্ত হতো সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তিরা। শাহবাগে তরুণ প্রজন্মের এ আন্দোলন থেকে পুরো তরুণ সমাজকে এ শিক্ষাটি নেওয়ার আবশ্যকতা রয়েছে। যে লাখো প্রদীপ তাঁরা জ্বালিয়েছেন সমাজ থেকে অন্ধকার দূর করতে, সেই প্রদীপের আলো আমাদের উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাক কালবিলম্ব না করে। এ প্রতিষ্ঠানগুলোর অনুচ্চ কার্যক্রম আমরা দেখতে চাই না।  আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। majumdeৎ[email protected]