অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন, তাতে ধারাবাহিকতা থাকলেও বৈষম্য কমানো কিংবা বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট উদ্যোগ নেই বলেই ধারণা করি। অর্থমন্ত্রীর ভাষায় বাজেট উচ্চাভিলাষী হলে দোষের কিছু নেই। প্রশ্ন হলো, সেই উচ্চাভিলাষ বাস্তবায়নের সদিচ্ছা ও সক্ষমতা সরকারের আছে কি না।
বাজেটে প্রাক্কলিত অর্থ কোথা থেকে আসবে এবং কীভাবে খরচ হবে, সেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করলেও ঘাটতির পরিমাণ ৮০ হাজার কোটি টাকারও বেশি। রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ দশমিক ৬২ শতাংশ। সিপিডিসহ বিভিন্ন মহল এই লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে সংশয় প্রকাশ করেছে। অর্থের জোগান না থাকার কিংবা অর্থ ব্যয় করতে না পারার কারণে প্রতিবছর বাজেটে যদি বড় ধরনের সংশোধন করতে হয়, তাহলে অর্থনৈতিক বিশৃঙ্খলা রোধ করা কঠিন হয়ে পড়ে।
পুরোনো পথেই নতুন বাজেটবরাবরের মতো কালোটাকাকে সাদা করার বিধান রাখলেও অর্থমন্ত্রী অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা বাতলাতে পারেননি। তবে সামাজিক নিরাপত্তা জালের বিস্তৃতি, নারী ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য আয়করের সীমা বাড়ানো, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো, করপোরেট কর কমানো ভালো পদক্ষেপ বলেই মনে করি। সংবাদপত্রশিল্পের জন্য কোনো সুসংবাদ দিতে না পারাও গণমাধ্যমের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির পরিচায়ক।
সর্বোপরি, বাজেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে ব্যয় বরাদ্দ করা হয়েছে, সেটি কীভাবে খরচ হয়, তার ওপরই নির্ভর করছে এর সফলতা। জনসংখ্যাধিক্যের দেশে প্রতিবছর শ্রমবাজারে যে ২০-২২ লাখ জনশক্তি যুক্ত হচ্ছে, তাদের কর্মসংস্থান করতে না পারলে সরকারের কোনো উন্নয়ন পরিকল্পনাই কাজে আসবে না। অর্থমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা না বললেও রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে কোনো দিকনির্দেশনা দেননি। বর্তমানে দেশে আন্দোলন-সংগ্রাম নেই, এটি সাময়িক স্বস্তি হলেও দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতির নিশ্চয়তা দেয় না। সরকারকে এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। অন্যথায় আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে অর্থমন্ত্রীকে।