রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যে অবৈধ হোটেল-রেস্তোরাঁ উচ্ছেদ অভিযান চলছে, তাতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তাঁরা অবিলম্বে এই অভিযান স্থগিতের দাবি জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে এই উচ্ছেদ অভিযানকে আমরাও বাস্তবসম্মত বলে মনে করি না।
বছরের পর বছর ধরে রাজধানীর অভিজাত এলাকায় গড়ে ওঠা এসব বুটিক ও বাজেট হোটেল-রেস্তোরাঁর গুরুত্ব ও অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। বিভিন্ন শিল্পের নিয়মিত বিদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে অনেকেই এসব সাশ্রয়ী বুটিক বা বাজেট হোটেলে অবস্থান করেন। তাঁদের জন্য গুলশানে বিভিন্ন রেস্তোরাঁ গড়ে উঠেছে, যেখানে তাঁরা পাঁচ বা তিন তারকা হোটেলের চেয়ে অনেক কম খরচে খেতে পারেন।
বনানী ও বারিধারার ৫০০-এর মতো ছোট-বড় আবাসিক হোটেলে প্রতি রাতে কমপক্ষে তিন হাজার বিদেশি অবস্থান করেন, যেগুলোর ভাড়া ৮০ থেকে ১০০ ডলার। এসব হোটেলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে এখন হুট করে
এসব হোটেল বন্ধ করে দেওয়া হলে অনেকে চাকরি হারাবেন। এসব হোটেল-রেস্তোরাঁ গড়ে তুলতে মালিকদের অনেকেই ব্যাংকঋণ নিয়েছেন। ফলে এখন এগুলো বন্ধ হয়ে গেলে বা তড়িঘড়ি করে সরাতে গেলে তাঁদের পক্ষে ঋণ পরিশোধ করা কঠিন হয়ে উঠবে। জানা গেছে, তাঁদের অনেকেই এখন ব্যাংকের কাছে ঋণ পুনঃ তফসিল করার আবেদন করেছেন।
এটা সত্যি যে কোনো পরিকল্পনা ছাড়াই ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। এ ক্ষেত্রে নিশ্চয়ই একটি শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আবাসিক প্লটে ও এলাকায় এসব গড়ে উঠেছিল, তখন সরকারের সংশ্লিষ্ট বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি কেন? দীর্ঘ সময়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার রাতারাতি কোনো সমাধান নেই। এখন যদি নিরাপত্তা ও শহরের শৃঙ্খলার জন্য এসব সরাতে হয়, তাহলে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে তা করতে হবে।