সকালে শহরের পথে বের হয়ে সেই একই চিত্র—বিচিত্র ভঙ্গির মুখ আর পরিচিত পণ্যের সমাহারে ডিজিটাল ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, পোস্টার, অবৈধ দোকানপাট, নামসর্বস্ব কার্যালয় আর হকারশাসিত রাস্তাঘাট, ফুটপাত!পত্রিকায় দেখলাম, মধ্যরাতের মহা-অভিযানে মহাখালীর কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও অজ্ঞাত কারণে অক্ষত রয়ে যায় যুবলীগের দুটি কার্যালয়! সুতরাং যথারীতি এসব বিজ্ঞাপনের কারণে বিরামহীন বিড়ম্বনা, যানজট, জনজট আর ভোগান্তি। এসব বিজ্ঞাপনের বেশির ভাগই রাজনৈতিক; বাণিজ্যিক নয়! ডিজিটাল প্রযুক্তির সবচেয়ে সফল ও ব্যাপক প্রয়োগের প্রত্যক্ষ প্রমাণ সম্ভবত এসব ‘ডিজিটাল ব্যানার’ বিলবোর্ড, ফেস্টুন ও পোস্টার।পৃথিবীর আর কোনো নগরে এমন বৈচিত্র্যময়, অদ্ভুত ও অপ্রয়োজনীয় ব্যক্তিগত বা রাজনৈতিক বিজ্ঞাপনের নিদর্শন পাওয়া যাবে না। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরও ছেয়ে গেছে ‘ডিজিটাল বিজ্ঞাপনের’ উপকরণে। তবে ভয়াবহ ব্যাপার হলো, মহাসড়কগুলোর মোড়ে বা টার্নিং পয়েন্টগুলোতে বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে, যা চলন্ত গাড়ি দুর্ঘটনার অন্যতম অনুঘটক! আর শহরের রাস্তার দুই পাশে, মাঝখানে, ওপরে উড়ালসেতুতে যেভাবে ব্যক্তিগত বা রাজনৈতিক বিজ্ঞাপনের ব্যানার ও ফেস্টুনের সমারোহ দেখা যায়, তা পথচারীদের জন্য প্রতিবন্ধক আর বিরক্তিকর ছাড়া কিছুই নয়! একই ব্যানার বা ফেস্টুনে দলীয় প্রতিষ্ঠাতা, দলীয় প্রধান, ভবিষ্যৎ দলীয় প্রধান, উপনেতা, স্থানীয় নেতা, পাতি নেতা থেকে সৌজন্য নেতার নাম, পদবি ও ছবি যেভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাঁটানো হয়, তাতে পথচারীদের চক্ষু চড়ক গাছ। সৌন্দর্যবর্ধনের জন্য সড়কের মাঝের বাড়ন্ত গাছগুলোর অস্তিত্বও বিজ্ঞাপনের ঠাসাঠাসিতে হুমকির সম্মুখীন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় ও দলীয় দিবসে সৌজন্য বিজ্ঞাপনের ব্যাপ্তিতে শহর আচ্ছন্ন করে রাখা তো আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। মাঝে মাঝে মনে হয়, এত দলীয় বিজ্ঞাপনী উপকরণ তৈরি করতে যে পরিমাণ অর্থ অপচয় হয় এবং যে পরিমাণ অর্থ থেকে সরকার বঞ্চিত হয়, তা যদি এভাবে পথচারীদের প্রতিবন্ধক তৈরিতে ব্যয় না করে পথের পাশের আশ্রয়হীন মানুষের কল্যাণে ব্যয় করা যেত, তাহলে বিজ্ঞাপনের ‘তারকা’ নেতারা আরও বেশি পরিচিতি পেতেন, আর জনগণও সম্ভবত উপকৃত হতো।নাজমুল হুদা, ঢাকা।