গুলিস্তান ও বাবুবাজারে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই অভিযান পরিচালনা করেছে। রোববারের অভিযানে চার শতাধিক অবৈধ দোকান এবং বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এখানে যে তথ্যটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, কয়েক সপ্তাহ আগে এই দুটি এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল কিন্তু আবার দোকানপাট বসেছে। প্রশ্ন হচ্ছে, এ ধরনের উচ্ছেদ উচ্ছেদ খেলা কত দিন চলবে?
নাগরিক স্বার্থে রাস্তা বা ফুটপাত থেকে অবৈধ দখল অবশ্যই উচ্ছেদ করতে হবে। কিন্তু কোনো নিয়মকানুনের চর্চা না থাকায় এবং রাজনৈতিক মাস্তানদের সমর্থনে দিনে দিনে রাস্তায় বা ফুটপাতে যে দখলদারি কায়েম হয়েছে, তা থেকে মুক্তি পাওয়া খুব সহজ কাজ নয়। এমনকি এসব অবৈধ দোকানপাটের সঙ্গে রাজৈনতিক নেতা, সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগসাজশ ও চাঁদাবাজির জোরালো অভিযোগও রয়েছে। অন্যদিকে এর সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকারও সম্পর্ক রয়েছে। ফলে স্থায়ীভাবে এসব দখলের উচ্ছেদ ঘটাতে হলে কার্যকর পরিকল্পনার বিকল্প নেই।
এ ধরনের উচ্ছেদের ক্ষেত্রে যা করণীয় তা হচ্ছে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে সবাইকে সরে যেতে বলা। এতে সবাই সরে যাবে—বিষয়টি তেমন নয়, কিন্তু অব্যাহতভাবে প্রচার-প্রচারণা চালিয়ে এটা স্পষ্ট করতে হবে যে নির্ধারিত দিনের পর সেখানে কোনো স্থাপনা থাকবে না। এর জন্য জনমত সৃষ্টি, গণসংযোগ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা প্রয়োজন। পাশাপাশি এসব স্থাপনা গড়ায় যঁারা লাভবান হন বা সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেন, তঁাদের প্রতি কঠোর হওয়াও জরুরি। কর্তৃপক্ষের কঠোর অবস্থানের বিষয়টি পরিষ্কার হলে যাঁরা উচ্ছেদের শিকার হবেন, তাঁরা জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা করতে উদ্যোগী হবেন। উচ্ছেদ অভিযানে বাধা বা আবার দখল হয়ে যাওয়ার আশঙ্কা এতে কমবে। সবচেয়ে বড় কথা, উচ্ছেদ অভিযানের পর যাতে কোনোভাবেই আর একটি দোকানও বসতে না পারে, সেই তদারকির কাজটিও করতে হবে।
আমরা সময়সীমা ধরে পরিকল্পিত পদক্ষেপ দেখতে চাই, উচ্ছেদ উচ্ছেদ খেলা নয়।