উত্তপ্ত রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের রেশ না কাটতেই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি আন্দোলনের কর্মসূচির কথাও শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে সংবিধানের বাইরে এক চুলও যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রতিক্রিয়ায় বিরোধী দল বলেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকট আরও ঘনীভূত হবে এবং রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়বে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, যারা জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটে, তাদের সঙ্গে আলোচনা নয়। তবে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় মধ্য-সেপ্টেম্বর পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পক্ষে নীতিনির্ধারকদের অবস্থান গ্রহণের ফলে পরিস্থিতির অবনতি রোধের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। একই দিনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায়ও সংলাপের সম্ভাবনার কথা পুনর্ব্যক্ত হয়েছে। সংবিধানের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করা যায়, সে ব্যাপারে বিরোধী দলের প্রস্তাব থাকলে তা নিয়ে সংলাপের চিন্তা করা যেতে পারে বলে ওই সভায় দলের উপদেষ্টারা যে মত দিয়েছেন, এই মুহূর্তে এর বিশেষ তাৎপর্য রয়েছে।অতএব আমরা মনে করি, সমঝোতার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সরকার ও বিরোধী দলের সদিচ্ছা থাকলে সংবিধান সংশোধন না করেও শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা যায়। লক্ষণীয় যে এক দিন আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিলেও শনিবার তিনি ‘আমরা সব সময়ই সংলাপ চাই’ বলে মন্তব্য করেছেন। এটি ইতিবাচক মোড় বলে ধারণা করি। এখন দুই দলের মধ্যে চিন্তার সমন্বয় কীভাবে করা যায়, সেটাই খতিয়ে দেখতে হবে।আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। সম্ভবত এটাই হবে বর্তমান জাতীয় সংসদের শেষ অধিবেশন। এখানে যদি নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা হয়, তাহলে সংকট উত্তরণের একটি সুযোগ সৃষ্টি হবে। বিএনপি আগামী প্রায় চার সপ্তাহ সহিংস কর্মসূচি গ্রহণ করছে না। এই সময়ের মধ্যে সরকারের মনোভাব দেখে বিরোধী দল পরবর্তী কর্মসূচি স্থির করার পক্ষে মত দিয়েছে। তাই সরকারের পক্ষ থেকে বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশের সুযোগ করে দেওয়া উচিত। দেশবাসী শান্তিতে থাকতে চায়। সরকারের কোনো পদক্ষেপ যেন বিরোধী দলকে উসকে না দেয়, সেটা দেখা তাদের কর্তব্য। ক্ষমতাসীন ও বিরোধী দলকে আরও দায়িত্বশীল হতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সবার অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে বিকল্প নেই, সে কথা স্বীকার করতে হবে। উভয় পক্ষের কাছেই সংযত ও সহিষ্ণু আচরণ প্রত্যাশিত।