উত্তরাঞ্চলে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আসছে। ফলে বিপুলসংখ্যক মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। বসতভিটা ডুবে যাওয়ায় অনেক মানুষকে আশ্রয় নিতে হয়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর, তাদের দিনরাত্রি কাটছে খোলা আকাশের নিচে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে; হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ায় পরিবারগুলোর সামনের দিনগুলোতে অর্থনৈতিক অভাব-অনটনের শঙ্কা প্রকট হয়েছে। বন্যার কারণে বন্ধ করে দিতে হয়েছে আড়াই শ বিদ্যালয়।
কিন্তু তাদের দুঃখকষ্ট লাঘবের সরকারি প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ত্রাণ-সাহায্য হিসেবে দেওয়া হচ্ছে চাল ও টাকা। সেসবের পরিমাণ যে পর্যাপ্ত নয়, তা স্পষ্ট হবে একটা দৃষ্টান্ত থেকে: বগুড়া জেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ১২টি গ্রামের প্রায় তিন হাজার পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ মেট্রিক টন চাল ও ২৫ হাজার টাকা।
বন্যাকবলিত কিছু এলাকার মানুষের মধ্যে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের খবর পাওয়া গেছে, যদিও তার সংখ্যা এখনো উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। তবু যারা এসব রোগের শিকার হয়েছে, তাদের তো সুচিকিৎসার ব্যবস্থা থাকা দরকার। তা ছাড়া কখন কোন পানিবন্দী জনগোষ্ঠীর মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়, তা বলা যায় না। সে জন্য কোথাও মহামারি আকারে ডায়রিয়া দেখা দিলে পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি রাখা দরকার। স্থানীয় প্রশাসনের কাছে বিশুদ্ধ খাওয়ার পানি ও খাওয়ার স্যালাইনের পর্যাপ্ত মজুত রাখা জরুরি।
উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়া আরও অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে, এতে বন্যাদুর্গতদের দুর্ভোগ আরও বাড়বে। এমন হলে সরকারি ত্রাণ-সহযোগিতা নিঃসন্দেহে বাড়াতে হবে। বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট ও ভোগান্তি যতটা সম্ভব লাঘবের চেষ্টা করতে হবে। বন্যার পরে তাদের আর্থিকভাবে পুনর্বাসনের বিষয়টিও মাথায় রাখতে হবে।