শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সে লিফট দুর্ঘটনা ও আগুন লাগার ঘটনাটি এককথায় ভয়াবহ। এ দুর্ঘটনায় প্রাণ গেছে সাতজনের আর আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। আহত ব্যক্তিদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
লিফটের তার ছিঁড়ে হতাহত হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। গত মার্চ মাসে নিউমার্কেট এলাকায় একটি ভবনের লিফটের তার ছিঁড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত জানুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি লিফটের তার ছিঁড়ে রোগীসহ পাঁচজন আহত হয়েছেন। গত বছরের মে মাসে রাজধানীর ধানমন্ডির একটি ভবনের চারতলা থেকে নামার সময় লিফটের তার ছিঁড়ে এক প্রাইভেট কারচালক প্রাণ হারান। দেখা যাচ্ছে দেশে একদিকে বহুতল ভবন নির্মাণ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে লিফট দুর্ঘটনা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যখন কোনো বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদন করে, তখন কতটি লিফট লাগবে, তা নির্ধারণ করে দেয় এবং কীভাবে সেটি পরিচালনা করা হবে, তারও নির্দেশনা দেয়। কিন্তু তা যে মানা হয় না সেটা স্পষ্ট।
এ ছাড়া লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয় কীভাবে এর রক্ষণাবেক্ষণ করতে হবে এবং কত দিন পর লিফট পরিবর্তন করতে হবে। লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত ভবনের মালিকের। আর অ্যাপার্টমেন্ট ভবনে মালিকদের নিয়ে গঠিত কমিটি লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। উত্তরার লিফট দুর্ঘটনাটির ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ঘাটতিকেই মূল সমস্যা হিসেবে বিবেচনা করে নিতে হচ্ছে। উত্তরার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদন
পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এই ভবনে আগেও লিফটের তার ছেঁড়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশে লিফটের ব্যবহার অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। বহুতল ভবনে লিফট এখন অপরিহার্য। এ ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন এখন জরুরি হয়ে পড়েছে। লিফট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিতভাবেই লিফট দুর্ঘটনার ঝুঁকি কমাবে।