উত্তেজনা প্রশমনে আলোচনার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে সার্কের বিগত শীর্ষ সম্মেলন থেকেই একদিকে পাকিস্তান আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির চুক্তি বাস্তবায়নের বিপক্ষে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত ‘মাইনাস ওয়ান’ (পাকিস্তানকে বাদ দিয়ে) তার স্বার্থস​ংশ্লিষ্ট চুক্তিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে এসেছে। সবশেষ উরিতে ১৮ জন ভারতীয় সৈন্যের নির্মম মৃত্যু এবং সেই ঘটনাকে নিন্দা করে বিবৃতি দিতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। সেই পটভূমিতেই এই বয়কটের ঘোষণা এল। তবে এই উপমহাদেশসহ বিশ্বের যেকোনো অঞ্চলের সংকট সমাধানে শেষ পর্যন্ত আলোচনার বিকল্প নেই।

১৯৮৫ সালে বাংলাদেশের সক্রিয় দূতিয়ালিতে জন্ম নেওয়া সার্ক গত তিন দশকেও বিশ্ববাসীর কাছে একটি মর্যাদাসম্পন্ন ফোরামে নিজেকে উন্নীত করতে পারেনি। বরং সার্কের পরে এসেও বহু আঞ্চলিক ও উপ-আঞ্চলিক জোট তাদের জনগণের ভাগ্যের প্রভূত উন্নয়ন নিশ্চিত করেছে। অথচ দক্ষিণ এশিয়া আজও বিশ্বের মোট গরিব মানুষের পাঁচ ভাগের দুই ভাগের আবাসভূমি। এই ব্যর্থতার দায় সার্কভুক্ত দেশের নেতারা এড়াতে পারেন না।

ভারতের দ্যহিন্দু পাকিস্তানকে একঘরে করতে মোদি সরকারের সাফল্যকে ‘অতি চড়া দামের’ এবং তা বিবিধ বহুপক্ষীয় প্রক্রিয়াকেও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে উষ্মা প্রকাশ করেছে। আশা করি, ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা শিগগিরই তিরোহিত হবে এবং হোঁচট খাওয়া সার্ক আবার ঘুরে দাঁড়াবে।