উত্ত্যক্তকারীদের হামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর আলমের পা হারানোর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় আরেকবার প্রমাণিত হলো যে দেশের সাধারণ মানুষ কতটা অরক্ষিত ও অসহায়।
রোববার প্রথম আলোর খবরে বলা হয়েছে, শাহানূরের কলেজ ও স্কুলপড়ুয়া দুই মেয়েকে কামাল হোসেনসহ গ্রামের কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। অতিষ্ঠ হয়ে মেয়েরা বাবা শাহানূরকে বিষয়টি জানায়। পরে তিনি গ্রামের কয়েকজনকে বিষয়টি জানান এবং বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয় কামাল হোসেন। গত ১৬ অক্টোবর তার নেতৃত্বে বখাটেরা শাহানূরের ওপর হামলা চালায়। প্রথমে শাহানূরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পায়ে পচন ধরায় এক সপ্তাহ আগে শাহানূরের দুই পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা। এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর কী হতে পারে?
হামলায় আহত কৃষক দুই পা হারালেনএ ঘটনায় কামাল হোসেনসহ সাতজনকে আসামি করে ঝিনাইদহের আমলি আদালতে মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ঘটনাটি কী মর্মান্তিক! দুর্বৃত্তদের আক্রমণে কৃষক শাহানূর পা হারানোর পরও তিনি প্রতিকার চাইতে পারবেন না। এই দুঃসাহস দুর্বৃত্তরা কোথায় পেল? সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? কীভাবে দুর্বৃত্তরা মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে?
আমরা বিষয়টি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। আইনের শাসন সেটাই দাবি করে।
আমরা চাই যারা শাহানূরের মেয়েদের উত্ত্যক্ত করেছে এবং তাঁর ওপর হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কঠোর শাস্তি দেওয়া হোক। একইভাবে আক্রান্ত কৃষক ও তাঁর দুই মেয়ের নিরাপত্তা দাবি করছি। দুষ্টের দমন ও শিষ্টের পালনই পারে সমাজে শুভশক্তির জাগরণ ঘটাতে।