উদ্বিগ্ন স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালনকালে মিনা দুর্ঘটনায় কোন দেশের কতজন নাগরিক হতাহত হয়েছেন, তার সঠিক খবর না পাওয়ায় তাঁদের আত্মীয়স্বজনেরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের মানুষও রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ২৬ জন হাজি নিহত এবং আহত ৩৩ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানানো হলেও হতাহতের সংখ্যা অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার মিনায় পদপিষ্ট হয়ে মারা গেছেন ৭৬৯ জন। তাদের মতে, নিহত হাজিদের মধ্যে ইরানের ২২৬ জন, মরক্কোর ৮৭, মিসরের ৭৮, নাইজেরিয়ার ৬৪ জনসহ ৭৬৯ জন নাগরিক রয়েছেন। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করা হয়েছে।
নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশিইতিমধ্যে বাংলাদেশের যেসব নাগরিক হজ পালন করে ফিরে এসেছেন, তাঁদের ভাষ্য হলো, পরিস্থিতি ছিল ভয়াবহ। হজযাত্রীদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা তাঁরা বলতে পারেন না। দেশ থেকে অনেকে বাংলাদেশ হজ মিশনের দেওয়া নম্বরে টেলিফোন করেও সদুত্তর পাননি। এ অবস্থায় আত্মীয়স্বজনেরা উদ্বিগ্ন হলেও ঠিক কোথায়, কার কাছে প্রকৃত তথ্যটি পাবেন, তা তাঁদের জানা নেই। আরও উদ্বেগজনক হলো, যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁদের আত্মীয়স্বজন সৌদি আরবে যেতে চাইলেও ভিসা সমস্যার কারণে যেতে পারছেন না। ঢাকার সৌদি দূতাবাস তাঁদেরই ভিসা দিচ্ছে, যাঁদের লাশ সংরক্ষিত আছে। কিন্তু নিখোঁজ হাজিদের কী হবে? তাঁদের খোঁজ কীভাবে মিলবে?
পবিত্র হজ পালন করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনার শিকার হওয়া খুবই দুঃখজনক ঘটনা। হজ ব্যবস্থাপনার ত্রুটির বিষয়টি দেশ-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত। আধুনিক তথ্যপ্রযুক্তি ও উন্নত অবকাঠামো সত্ত্বেও কীভাবে এত বিপুলসংখ্যক হাজি পদদলিত হয়ে মারা গেলেন, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
এই মুহূর্তে জরুরি হলো নিখোঁজদের অনুসন্ধান এবং আহত হাজিদের সুচিকিৎসার ব্যবস্থা করা। দ্রুত নিখোঁজদের সন্ধান দিয়ে উদ্বিগ্ন স্বজনদের উদ্বেগ দূর করুন।