উদ্যোগ বাস্তবায়নে চাই পেশাদারি মনোভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস শাখা ব্লাডব্যাংক প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছে, তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এ ঘোষণা এমন সময়ে এসেছে, যখন পুলিশি হেফাজতে একজন আসামির মৃত্যুর ঘটনায় সিলেটের পুলিশ বিভাগ বেশ সমালোচিত।

অন্যান্য বিভাগের মতো পুলিশ বিভাগেও ভালো-মন্দ আছে। সম্প্রতি যে সভায় ব্লাডব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে, সেই সভায় সিলেট মহানগর পুলিশ কমিশনার বলেছেন, যাঁরা ভালো কাজ করবেন তাঁরা পুরস্কৃত হবেন, যাঁরা মন্দ কাজ করবেন তাঁরা তিরস্কৃত হবেন। তাই এ কথা যেন নিছক কথার কথা না হয়। পুলিশ সদস্যরা আইন প্রয়োগে অবিচল থাকবেন, কিন্তু নিষ্ঠুরতা দেখাবেন না।

করোনাকালে সফি আহমেদ নামের এক পুলিশ সদস্য দুস্থ মানুষের সেবা করার যে মহৎ দৃষ্টান্ত দেখিয়েছেন, তা সর্বমহলে প্রশংসা পেয়েছে। তাঁর প্রস্তাবেই এসএমপি মিডিয়া শাখা ব্লাডব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। পুলিশ বিভাগে এ রকম নিবেদিতপ্রাণ মানুষ যত বেশি থাকবেন, তাদের ভাবমূর্তি তত উজ্জ্বল হবে। আবার পুলিশি হেফাজতে আসামি মারা যাওয়ার ঘটনা ঘটলে তার দায়ও তাদের নিতে হবে।

সিলেট পর্যটন এলাকা। করোনাকালেও সেখানে অনেক পর্যটক যাচ্ছেন। ফলে শহরে যানবাহনে জট লেগে যায়। সে জন্য পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচলেও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। আশার কথা, সিলেট শহর এখন অনেকটাই যানজটমুক্ত। এতে প্রমাণিত হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে জনদুর্ভোগ কমাতে পারে।

‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’ স্লোগান সামনে রেখে ২০১০ সালে ঢাকায় পুলিশ ব্লাডব্যাংকের যাত্রা শুরু হয়। অপরাধ দমন, তদন্ত ও তথ্য উদ্‌ঘাটনের মূল কাজের পাশাপাশি রক্ত দেওয়া-নেওয়ার মাধ্যমে সর্বস্তরের জনগণের সঙ্গে সৌহার্দ্য বাড়ানো ছিল এ ব্লাডব্যাংকের উদ্দেশ্য। পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও যেকোনো ব্যক্তি এ ব্লাডব্যাংক থেকে রক্ত নিতে পারেন।

সিলেট পুলিশের ব্লাডব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ব্লাডব্যাংক সফল হলে সেখানকার পুলিশ সদস্যরা যেমন উপকৃত হবেন, তেমনি সাধারণ মানুষও। ব্লাডব্যাংকের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের সঙ্গে পুলিশ সদস্যদের আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে। এসএমপি থেকে বলা হয়েছে, একজন পুলিশ সদস্য একবার রক্ত দিলে এক দিন বিশ্রাম পাবেন। এ সুবিধাকেও আমরা যৌক্তিক বলে মনে করি। এতে অধিকসংখ্যক পুলিশ সদস্য রক্তদানে উৎসাহিত হবেন।