উন্নয়নের সামগ্রিক বিবেচনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ও স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে উন্নয়নের দ্বন্দ্ব কাম্য নয়, কিন্তু বহু বছরের অভিজ্ঞতায় মানুষ নিশ্চিতভাবে জেনেছে দ্বন্দ্ব আছে। অতি ঘনবসতিপূর্ণ বাংলাদেশে সেই দ্বন্দ্ব বিশেষভাবে জটিল আকার ধারণ করেছে।
গত শুক্রবার ঢাকায় পরিবেশ-বিষয়ক এক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা চলবে না। সম্মেলনটি উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ বিষয়ে বলে বিশেষভাবে ওই সব অঞ্চলের কথা বলা হয়েছে, কিন্তু কথাটা সারা দেশের সব অঞ্চলের জন্যই প্রযোজ্য।
বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে উদ্বেগ নতুন নয়। জলবায়ু পরিবর্তনের ফলে সে উদ্বেগ আরও বেড়েছে। তা ছাড়া, সুন্দরবনের সংকুচিত হয়ে আসার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প,
বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল বৃদ্ধি, বনের ভেতরে সীমানায় শিল্পকারখানা স্থাপন। এসবের ফলে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে।
এসব ঝুঁকি দূর করতে হলে উন্নয়ন-সম্পর্কিত জাতীয় নীতি-পরিকল্পনায় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। রামপালের বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের জন্য বিপর্যয়কর হতে পারে—অনেক বিশেষজ্ঞের এমন মতের বিপরীতে বলা হয়, এই প্রকল্প সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। কিন্তু সরকারের নীতিনির্ধারক পর্যায়ে সুন্দরবনের ব্যাপারে যথেষ্ট সংবেদনশীলতার অভাব রয়েছে বলে অনেকে মনে করেন।
প্রাকৃতিক পরিবেশকে সামগ্রিক উন্নয়নের বাইরের বিষয় বলে গণ্য করা বিধ্বংসী অদূরদর্শিতা। চীনসহ অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশেই তা প্রমাণিত হয়েছে এবং তারা অতীতের ভুল শোধরাতে এখন হিমশিম খাচ্ছে।
অতি জনঘনত্বপূর্ণ এই দেশে আমাদের অবশ্যই উন্নয়ন-পরিকল্পনার ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশকে সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাবতে হবে। সমুদ্রসম্পদসহ সব ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ ও ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, শিল্পকারখানা স্থাপন ও পরিচালনাসহ সব ধরনের কর্মকাণ্ডে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার জন্য বিশেষ ও বাড়তি অঙ্গীকার, জ্ঞান, প্রযুক্তি ও জনশক্তি প্রয়োজন।