উন্মুক্ত নালা-নর্দমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, অধিকাংশ এলাকার নালা-নর্দমা ঢাকনাবিহীন থাকায় নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের অন্ধকারে কিংবা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে নর্দমা ও মূল রাস্তা ঠাহর করতে প্রচণ্ড সমস্যা হয়। এতে প্রায় সময়ই নর্দমায় পড়ে পথচারী বা রিকশাসহ যানবাহন দুর্ঘটনার শিকার হয়। পাড়া-মহল্লার নর্দমায় ঢাকনা না থাকায় শিশুরা খেলাধুলা করতে গিয়ে প্রায়ই অসাবধানতাবশত নর্দমায় পড়ে আহত হয়। পাশাপাশি ঢাকনা না থাকায় মশার উপদ্রব সারা বছর লেগেই থাকে। গত দুই বছরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে খোলা নর্দমায় পড়ে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ রকম ঘটনা যে সিলেটে ঘটবে না, তার কী নিশ্চয়তা? এই ৫০০ কিলোমিটার নালা-নর্দমা ছাড়াও নগরের ওপর দিয়ে প্রবাহিত ৯টি ছড়ার প্রায় ৪৫ কিলোমিটার অংশও উন্মুক্ত অবস্থায় রয়েছে, যা নগরবাসীর জন্য ঝুঁকিপূর্ণ।

একটি সিটি করপোরেশন এলাকায় এভাবে নালা-নর্দমা উন্মুক্ত থাকার বিষয়টি সত্যিই বিস্ময়কর। সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাহলে কী করছে? সিটি করপোরেশনের মেয়র আছেন, আছেন এলাকাভিত্তিক ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি তাঁদের নজরের বাইরে নয়। সমস্যাটির দিকে যদি যথাযথ মনোযোগ থাকত, তবে এত দিনে এর অনেকটাই বিহিত করা যেত। দুর্ভাগ্যজনকভাবে সিটি করপোরেশন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। এই গাফিলতির জবাব কী? সিলেট সিটি করপোরেশনের দাবি, প্রতিবছরই ধারাবাহিকভাবে উন্মুক্ত নালা-নর্দমায় ঢাকনা নির্মাণের কাজ করা হচ্ছে। আমাদের প্রশ্ন, এই কাজ শেষ করতে তাদের আর কত দিন লাগবে?

আমরা প্রায়ই বলে থাকি যে দেশের মালিক হলো জনগণ। আমাদের সংবিধানেও তা-ই লেখা আছে। প্রশ্ন হলো, জনগণই যদি মালিক হবে তবে তাদের কেন এত দুর্ভোগ পোহাতে হবে? জনগণের দেওয়া করের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানের বেতনভুক কর্তাব্যক্তিরাইবা নিজ নিজ দায়িত্ব পালনে এতটা গাফিলতি প্রদর্শন করেন কীভাবে?

মূল সমস্যা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি না থাকা। নালা-নর্দমা উন্মুক্ত থাকার জন্য যদি সিটি করপোরেশনের কাউকে জবাবদিহি করতে হতো বা কারও চাকরি যেত, তাহলে তাঁদের পক্ষে জনদুর্ভোগে এতটা নির্বিকার থাকা সম্ভব হতো না। তাই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। দায়িত্বে অবহেলার জন্য শাস্তির ব্যবস্থা থাকতেই হবে।