উপকূলের জেলেদের দুর্ভাগ্যের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাতে টাকা কামানোর পরও সারা বছর ঋণী থাকতে হয়, এমন পেশাজীবীর নামই জেলে। একসময় জেলেদের শোষণ করতেন দাদনদার মহাজন-জলদস্যু। এখন এর সঙ্গে যোগ হয়েছে সরকারি লোকজন ও বেসরকারি সংস্থা। জেলেদের সঙ্গে জড়িয়ে আছে জাল-মাছ-নৌকা। এখানে আছে কাঁচা টাকা। ওই টাকার দিকে সবারই লোভ!ইলিশ-ডিম ও জাটকা রক্ষার জন্য সরকারের চেষ্টার শেষ নেই। মা-ইলিশ ও জাটকা সংরক্ষণ মৌসুম কখন আসবে তার আশায় বসে থাকেন লোভী আড়তদার, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কিছু লোকজন এবং কিছু সুযোগসন্ধানী। কয়েক বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘ইলিশ ধরা নিষিদ্ধ’ মৌসুমে জলের চেয়ে স্থলে অভিযান চালাতে ভালোবাসে। এসব সংস্থার সদস্যরা জেলে, নৌকা ও জাল ধরার চেয়ে ইলিশ আটক করায় বেশি আগ্রহী। গত অক্টোবরের ইলিশ প্রজনন মৌসুমে জনৈক মৎস্য কর্মকর্তা দুঃখ করে বলছিলেন, ‘যাঁদের নিয়ে নদীতে অভিযানে নেমেছি, তাঁদের প্রত্যেকের পকেটে একটি করে বস্তা। বস্তাওয়ালা কর্মকর্তা-কর্মচারীরা জব্দ করা সেরা ইলিশগুলি বস্তায় ভরছেন। লজ্জায় বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না।’ খোঁজ নিয়ে জানা যায়, ইলিশ প্রজনন মৌসুমে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাঁদের আত্মীয়রা সারা বছরের ইলিশের বন্দোবস্ত করে থাকেন। বাংলাদেশ মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর প্রজনন মৌসুমের ১১ দিনে অভিযান চালিয়ে সারা দেশ থেকে দুই কোটি ২২ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫৫ কোটি টাকা। মোট ইলিশ ধরা হয়েছে ২১৫ মেট্রিক টন। এর মধ্যে এক কোটি পাঁচ লাখ টাকার ইলিশ নিলামে বিক্রি হয়েছে। জেলেদের জরিমানা করা হয়েছে ১২ লাখ ৮৩ হাজার টাকা। ৪৭৭ জন জেলের শাস্তি হয়েছে। এর মধ্যে ৪৫৪ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। মৎস্য বিভাগ ছাড়া কোস্টগার্ড প্রায় ৪৪ কোটি টাকার জাল-নৌকা-মাছ জব্দ করেছে। এত জাল, এত মাছ, এত জরিমানা, এত জেল—সবই তো জেলেকেই বইতে হচ্ছে।ইলিশ বাঁচানোর জন্য মৎস্য বিভাগ অনেক আইন করেছে। একসময় জেলেরা আইন জানতেন না, কিন্তু জাটকা (ছোট ইলিশ) ও ডিমওয়ালা (মা-ইলিশ) ইলিশ রক্ষা করে চলতেন। আজ জেলেরা আইন জানেন কিন্তু মানেন না। শুধু গরিব জেলে ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক আইন মানছেন। যেখানে লাখ লাখ জেলে মাছ ধরতেন, সেখানে শত শত জেলে গোপনে চুরি করে মাছ ধরছেন। এই শত শত জেলে ইলিশ ধরতেন না, যদি তাঁদের জলে পাঠানো না হতো। কে পাঠায়? পাঠাচ্ছেন প্রভাবশালী দাদনদার, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। যাঁরা সারা বছর নদী, জল ও মাছের আইন মানেন না। যে দিন থেকে এসব শহুরে পোশাক পরা ও অন্য পেশার লোক নদীতে জেলে হিসেবে নেমেছে, সেদিন থেকেই নদী-সাগর জলসীমানায় সংস্কার ও আইনের বালাই উঠে গেছে। এরা নগদ লাভ চায়। এদের আইনের আওতায় আনা উচিত হলেও কেউ তা বিবেচনায় নিচ্ছে না; বরং নদীতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ওই লোভীদের কাছে লাখ লাখ টাকা ঘুষ খাচ্ছে বলে অভিযোগ আছে।কীভাবে জেলেদের সমস্যা সমাধান করা যায়। শুরুতেই যে কাজটি করতে হবে তা হচ্ছে, উপকূলীয় অঞ্চলের জেলেদের জরিপ। জরিপ থেকে বের করতে হবে, কতগুলো জেলে পরিবার, কতজন সারা বছরের জেলে, কতজন মৌসুমি জেলে, কতজন শিশু জেলে, কতজন জেলেকন্যা-স্ত্রী, স্ত্রী-কন্যা বাড়তি কোনো আয় করতে পারেন কি না, তাঁদের স্থায়ী আবাসস্থল আছে কি না, তাঁদের কত টাকা ঋণ আছে এবং ঋণদাতা কারা? জেলেশিশু কেন শিক্ষা গ্রহণ করছে না। এসব জেলে, জেলে পরিবার, মৎস্য-নৌকা-জাল ব্যবসায়ীর ছবিসহ আইডি নম্বর কম্পিউটারে লিপিবদ্ধ থাকবে। জেলেদের সঙ্গে মৎস্য ব্যবসায়ী, জাল-নৌকা, জাল বিক্রেতার জরিপ করে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, আইনের আওতায় আনতে হবে। ক্ষমতাসীন দলের লোকজন মাছের ব্যবসা করতে পারবে না। এসব ক্ষমতাসীন মৎস্য ব্যবসায়ীর আড়তে মাছ না বিক্রি করলে জেলেরা জলদস্যুর কবলে পড়েন। কারণ প্রতিটি মাছ ঘাটে জলদস্যুদের সোর্স হচ্ছে মৎস্য ব্যবসায়ী। প্রতিবছর জেলে পুনর্বাসনের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। চেয়ারম্যান, মেম্বাররা এ নিয়ে চরম দুর্নীতি করছেন। জেলেরা এর কোনো ফল পান না। জরিপ না থাকলেও ধরা হয় ভোলায় দেড় লাখ জেলে পরিবার আছে। উপকূলীয় অঞ্চলে আছে কয়েক কোটি। ভোলার এই দেড় লাখ জেলে পারিবারে তিন লাখ শিশু জেলে আছে। এদের নেই কোনো শিক্ষা। সে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে জাল তৈরি করে মাছ ধরবে। মাছ বিক্রি করবে আড়তে। দাদনের কারণে মহাজনকে শতকরা ১০ থেকে ৩০ টাকা দিতে হয়। মহাজনের ভাগ দিয়ে যা পাবে তা-ই খরচ করবে। ইদানীং মহাজনের দাদনের সঙ্গে যুক্ত হয়েছে এনজিওঋণ। মাছ ধরা নিষিদ্ধ মৌসুমেও তাদের ঋণের কিস্তি শোধ দিতে হয়।জেলেদের ঠকানো খুব সহজ। এঁদের ভেতর সঞ্চয়ী মনোভাব না থাকায় তাঁরা ইচ্ছামতো খরচ করেন। মাছ ধরা, কেনাবেচাকে কেন্দ্র করে ভোলার প্রায় ৮০টি মাছঘাট গড়ে উঠেছে। এসব আড়তের মহাজনেরা চান, জেলেরা সারাজীবন ঋণী থাকুন। মধ্যস্বত্বভোগীদের থাবা থেকে জেলেদের মুক্ত করতে না পারলে তাঁদের ভেতর সঞ্চয়ী মানসিকতা আসবে না। মানবেতর জীবন থেকে তাঁরা কখনো মুক্ত হবেন না। আর মহাজনি থাবা থেকে জেলেদের মুক্ত করতে হলে দরকার একটি জেলে নীতিমালা, দরকার একটি জেলে ব্যাংক, দরকার প্রতিটি জেলের জীবন বিমা, দরকার ব্যাপক পরিমাণে সচেতনতা সভা; যাতে জেলে, জেলে পরিবার জানতে পারে বছরে আট মাস আয় করে চার মাস বসে বসে, নয়তো অন্য কাজ করে জীবন নির্বাহ করা সম্ভব। মহাজনের কাছ থেকে ঋণ নিতে হবে না, মুক্তবাজারে মাছ বিক্রি করে টাকা কামাতে পারবেন।নেয়ামত উল্যাহ: সাংবাদিক।