উপজেলা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপিসহ অনেক দলের বর্জনের মুখে চলমান উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি মারাত্মকভাবে কমে গেছে। খোদ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও ভোটের খরার কথা স্বীকার করেছেন। তবে ঘোষিত ফলাফল দিয়ে প্রকৃত ভোটার উপস্থিতি নিরূপণ করা যাবে না। কিছুটা প্রমাণ পাওয়া যাবে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে যেসব কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে, তার ফলাফলে। যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে অন্যান্য কেন্দ্রের ভোটের পার্থক্য অকাশ–পাতাল।

অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ভোটকেন্দ্রগুলোতে ভোটারের আকাল বা খরা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের অনুসারীদের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনা খুব একটা কমেনি। মোদ্দা কথা, স্থানীয় সরকার সংস্থার এই নির্বাচন হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের মনোনীত ও ‘বিদ্রোহী’ প্রার্থীর শক্তি প্রদর্শনের উন্মুক্ত ক্ষেত্রে। একসময় বাংলাদেশে ভোটকে উৎসব ভাবা হতো। এখন সেটি বিষাদ ও আতঙ্কে পরিণত হয়েছে। অন্যদিকে ২৪ শতাংশ প্রার্থীর ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত হওয়াও দলীয় নেতৃত্বের বিচক্ষণতাও প্রমাণ করে না। এটি নেতৃত্বের প্রতি জনগণের অনাস্থারই বহিঃপ্রকাশ।

নির্বাচন কমিশন (ইসি) প্রতিষ্ঠান হিসেবে ভোটারদের অনুপস্থিতির দায় নিতে চায়নি। যদিও একজন কমিশনার একে দুঃখজনক বলে অভিহিত করেছেন। নির্বাচনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে দেশবাসী অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু অস্বীকার করার উপায় নেই, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি নড়বড়ে করে দিয়েছে। উপজেলা নির্বাচন তারই ধারাবাহিকতা মাত্র।

এবারের উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পাঁচটি ধাপের মধ্যে চারটি ধাপের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সমাজে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের ধারণাই পাল্টে গেছে। এমনকি নির্বাচনী দৌড়ে বিরোধী দল না থাকাটা শান্তির রক্ষাকবচ হিসেবেও বিবেচনা করা যাচ্ছে না। কোথাও ক্ষমতাসীন দলের বিজয়ী প্রার্থী, কোথাও পরাজিত প্রার্থী প্রতিপক্ষের ওপর সশস্ত্র আক্রমণ করেছেন, বাড়িছাড়া করেছেন। অবস্থা এমনই বেগতিক যে এখন আওয়ামী লীগ থেকে যেসব সাংসদ ও নেতা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে, সাবধান করে দেওয়া হয়েছে। পত্রিকায় খবর এসেছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখার কথা ভাবছে। তাহলে উপজেলা নির্বাচন ও তার আগের ইউপি নির্বাচনে মনোনয়নের কারণে যেসব সংঘাত হয়েছে, তার দায় কে নেবে। নির্বাচন হলো উন্মুক্ত প্রতিযোগিতা ও অবাধে ভোটাধিকার প্রয়োগ। সেই নিশ্চয়তা না দিয়ে মনোনয়ন প্রথা রহিত করলেও সংঘাতের মাত্রা কমবে না।

একজন ভোটার নির্বিঘ্নে তাঁর পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবেন, সেই পরিবেশ রক্ষা করতে ইসি ব্যর্থ হয়েছে। বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতায় না থাকা সত্ত্বেও রাতে ব্যালটে সিল মারা কিংবা জাল ভোট দেওয়া তারা বন্ধ করতে পারেনি। সিইসি বলেছেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা তাঁদের দায়িত্ব নয়। কিন্তু তিনি নিশ্চয়ই ভোলেননি যে ভোটাররা যাতে ভোট দিতে যায়, এমন পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। সিইসির এমন দায়বোধহীন বক্তব্যের ফলে কি যারা ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারে, তারা উৎসাহ বোধ করতে পারে না? এ ধরনের বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সাংবিধানিক পদে আসীন ব্যক্তির কাছে দায়িত্বশীল আচরণ ও বক্তব্যই প্রত্যাশিত।

নির্বাচন কমিশন যদি ভোটব্যবস্থাটি পুরোপুরি নস্যাৎ করতে না চায়, তাহলে উচিত হবে জাতীয় ও উপজেলা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ করণীয় ঠিক করা। নির্বাচন ছেলেখেলা নয় যে তারা যা খুশি করবে। ভোটারদের ভোটাধিকার রক্ষা করতে না পারলে দায়িত্ব থেকে সরে যাওয়াই সমীচীন হবে।