কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি স্বাস্থ্যসেবার একটা অন্ধকার বিন্দু। সেখানে ১৬ জন চিকিৎসকের পদের মধ্যে রয়েছেন মাত্র চারজন। নিয়োগ দিলেও তাঁরা যোগসাজশ করে বদলি হয়ে যান। চিকিৎসকেরা গ্রামাঞ্চলে না থাকতে চাইলে চলবে কী করে? আর ইচ্ছামতো কর্মস্থল বাছাই করার সুযোগই বা দেওয়া হচ্ছে কেন?
নিকলী উপজেলায় ৩১ শয্যার হাসপাতাল। এখানে আট বছর ধরে গাইনি বিশেষজ্ঞ ও অবেদনবিদ নেই, ফলে ওই ব্যাপারে এ হাসপাতাল অথর্ব। পাঁচ বছর ধরে এক্স-রে মেশিন এবং দন্ত বিভাগের যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কারণ টেকনিশিয়ান ও চিকিৎসক নেই। থাকার কথা ১৬ জন, কিন্তু আছেন মাত্র চারজন চিকিৎসক, যাঁদের একজন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। পালা করে ছুটিতে থাকেন একজন। কার্যক্ষেত্রে রোগীরা মাত্র দুজন চিকিৎসককে পাচ্ছেন। প্রথম আলোর গত মঙ্গলবারের সংবাদ প্রতিবেদন জানাচ্ছে, প্রতিদিন দুই শতাধিক চিকিৎসাপ্রার্থী ফিরে যাচ্ছেন। মানুষকে সেবা কিনতে যেতে হচ্ছে অন্যত্র।
এ কেমন স্বাস্থ্য অধিদপ্তর, যারা নিকলীতে চিকিৎসকদের ধরে রাখতে পারে না? যাঁরাও বা আসেন তাঁরাও যত দ্রুত পারেন ধরাধরি করে বদলি হয়ে যান। সেই বদলির ব্যবস্থা তো স্বাস্থ্য বিভাগই করে! স্বাস্থ্য প্রশাসন যদি নিজেরাই চিকিৎসকদের পেশাগত শপথভঙ্গে সাহায্য করে, তাহলে সাধারণ মানুষ কী প্রত্যাশা করবে?
এ চিত্র শুধু নিকলীর নয়, সারা দেশেই গ্রাম-মফস্বলে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক–সংকট। টাকা খরচ করে ভবন বানানো ও যন্ত্রপাতি কেনা হয় বটে, কিন্তু সেগুলো কাজে লাগানোর লোকবল নিশ্চিত করায় এত গাফিলতি কেন? তাহলে কি সরকারি ক্রয় থেকে সুবিধা নেওয়া-দেওয়ার জন্য সরকারি অর্থ যতটা সহজলভ্য, সেবার জন্য লোকবল নিয়োগের ক্ষেত্রে ততটাই দুর্লভ? এ ক্ষেত্রে কি বদলি-বাণিজ্য নেই, গাফিলতি ও উদাসীনতা নেই?
গ্রামাঞ্চলে চিকিৎসক না থাকার গল্প যেমন পুরোনো, অজুহাতও তেমনই মুখস্থ। আমরা এর স্থায়ী বিহিত দেখতে চাই।