বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অনেক আগেই এক বিপন্ন প্রাকৃতিক সত্তায় পরিণত হয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলো ও নাগরিক সমাজ বহু বছর ধরে এই দ্বীপকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে আসছে। সংবাদমাধ্যম বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ প্রতিবেদন, সম্পাদকীয় নিবন্ধ ও মতামত প্রকাশ করে আসছে। কিন্তু প্রকৃত অর্থে কার্যকর ও টেকসই পদক্ষেপ কখনো নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মাঝেমধ্যে নানা ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু সেসব বিজ্ঞপ্তি সাধারণ মানুষ মানে না। তারা যাতে মানে, সে রকম কার্যকর পদক্ষেপও নেওয়া হয় না। ফলে প্রবাল দ্বীপটির বিপন্নতা ক্রমেই আরও বেড়ে চলেছে। এর অনন্য প্রাকৃতিক পরিবেশ, ইকোসিস্টেম ও প্রাণবৈচিত্র্য অপূরণীয় মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সর্বশেষ ২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশ সুরক্ষার উদ্দেশ্যে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে অবশ্যপালনীয় ১৪ রকমের নির্দেশনা আছে। কিন্তু আমাদের প্রতিনিধিরা সরেজমিনে ঘুরে দেখতে পেয়েছেন, সেসব নির্দেশনার কিছুই মানা হচ্ছে না। এই করোনা মহামারির মধ্যেও দ্বীপটিতে প্রতিদিন প্রচুরসংখ্যক মানুষ বেড়াতে যাচ্ছেন; তাঁরা পরিবেশ অধিদপ্তরের জারি করা বিধিনিষেধ মানছেন না।
গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত এক সরেজমিন প্রতিবেদনে লেখা হয়েছে, গত বুধবার সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সাতটি জাহাজে দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে গেছেন। এ ছাড়া আরও পাঁচ শতাধিক মানুষ কাঠের ট্রলারে চড়ে দ্বীপটিতে বেড়াতে গেছেন। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, ওই এক দিনেই প্রায় সাড়ে তিন হাজার মানুষ দ্বীপটিতে বেড়াতে গেছেন। প্রতি শুক্র ও শনিবার পর্যটকের সংখ্যা এর দ্বিগুণ ছাড়িয়ে যায়। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তা হলো সেন্ট মার্টিন দ্বীপের সর্বশেষ অংশ ছেঁড়াদিয়ায়ও প্রচুর মানুষ বেড়াতে যাচ্ছেন। অথচ পরিবেশ অধিদপ্তর সেখানে বেড়াতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এক বুধবারেই ৩০টি স্পিডবোট ও ১২টি নৌকায় দেড় হাজারের বেশি মানুষ ছেঁড়াদিয়ায় বেড়াতে গেছেন।
ফলে পরিবেশ অধিদপ্তরের ১৪ দফা নির্দেশনাসংবলিত গণবিজ্ঞপ্তি নিছক কাগুজে বিষয়ে পরিণত হয়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। সুতরাং গণবিজ্ঞপ্তির ১৪ দফা বিধিনিষেধ কার্যকর করতে জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর হতে হবে।