দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) সোমবার এক বিবৃতিতে বলেছে, গণতান্ত্রিক অধিকারের নামে একের পর এক হরতাল ডাকার সংস্কৃতি দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে। আমরা লক্ষ করছি, রাজনৈতিক দলগুলো নিজেদের ‘গণতান্ত্রিক অধিকারের’ কথা বলে বিভিন্ন ছুতোনাতায় যেসব হরতাল ডাকছে, তা আসলে জনসাধারণের জীবন-জীবিকার গণতান্ত্রিক অধিকারকে ভীষণভাবে খর্ব করছে। হরতাল আসলে পরিণত হয়েছে এক জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে, যখন দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন-জীবিকা জিম্মি হয়ে পড়ে।প্রধান বিরোধী দল বিএনপি তাদের আটক নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে কাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। এ নিয়ে শুধু মার্চ মাসেই হরতাল হচ্ছে নয় দিন। এফবিসিসিআইয়ের হিসাবে এক দিনের হরতালে দেশের ক্ষতি হয় দুই হাজার কোটি টাকা। শুধু তৈরি পোশাক খাতেই এক দিনে হরতালের ক্ষতির পরিমাণ ৩৬০ কোটি টাকা। বিজিএমইএর সদ্য বিদায়ী সভাপতি সোমবার বলেছেন, হরতাল যদি হয় রাজনীতিবিদদের গণতান্ত্রিক অধিকার, তবে দেশের নাগরিক হিসেবে নির্বিঘ্নে ব্যবসা করার অধিকারও ব্যবসায়ীদের আছে। আসলে প্রত্যেক ব্যক্তিরই জীবিকা উপার্জনের অধিকার আছে। কোনো যুক্তিতেই সে অধিকার খর্ব করা যায় না।রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতালের গ্রহণযোগ্যতা ইতিমধ্যে শূন্যের কোঠায় পৌঁছেছে—এ কথা আমরা সবাই জানি। এমনকি রাজনৈতিক দলগুলোও এটা জেনেশুনেই জনগণের ওপর হরতাল চাপিয়ে দেয়। কারণ, হরতালই সবচেয়ে সহজ রাজনৈতিক কর্মকাণ্ড—ডাক দিলেই হরতাল হয়ে যায়। কেননা, হরতালের ডাকে জনমনে নিরাপত্তাহীনতার আশঙ্কা ছড়িয়ে পড়ে। উপরন্তু হরতাল আহ্বানকারীরা হরতালের ডাক দিয়ে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়ার অপেক্ষায় না থেকে হরতাল ‘সফল’ করতে রাজপথে নেমে ধ্বংসযজ্ঞ চালায়। যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইত্যাদিসহ সেসব ধ্বংসযজ্ঞ কতটা নৃশংস পর্যায়ের হতে পারে তার সর্বশেষ দৃষ্টান্ত সোমবার চট্টগ্রামে জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে একটি যাত্রীবাহী ইজিবাইকের চালকসুদ্ধ যানটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা।ইদানীং আরও ভয়ংকর যে বিষয়টি লক্ষণীয় হয়ে উঠেছে তা হলো, হরতালের ঘোষিত তারিখের আগের দিন থেকেই ধ্বংসযজ্ঞ ও সহিংসতা শুরু করা। আজকের হরতাল সামনে রেখে গতকাল থেকেই সেসব শুরু হয়েছে। ঢাকায় বাস পোড়ানো হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রশিবিরের কর্মীদের। এর আগেও হরতালের আগের দিন প্রাণহানি, যানবাহন পোড়ানোসহ নানা ধরনের ধ্বংসাত্মক তৎপরতা লক্ষ করা গেছে। হরতাল আহ্বানকারী রাজনৈতিক দলগুলো কোনো প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের দায়দায়িত্ব স্বীকার করে না, বরং তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর। অবশ্য এ কথা সত্য, কখনো কখনো হরতাল প্রতিরোধ করতে গিয়ে সরকারপন্থী সংগঠনগুলোও সহিংস আচরণ করে, বাড়াবাড়ি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। উভয় পক্ষের হিংসাত্মক ও জবরদস্তিমূলক আচরণের কারণে হরতাল ধ্বংসাত্মক ও ক্ষতিকর কর্মসূচিতে পরিণত হয়। অতএব, রাজনৈতিক দলগুলোকে এখন অবশ্যই হরতালের বিকল্প শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে।