উপাচার্য নিয়োগে সতর্ক হওয়া বাঞ্ছনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যে কটি গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে নিয়োগের ব্যাপারটি সরকারের হাতে, তার মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অন্যতম। দেশ স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ছয়টি, যার মধ্যে চারটি সাধারণ আর দুটি বিশেষায়িত। এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৪ আর বেসরকারি প্রায় ৬০টি। সুতরাং যেকোনো সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কমপক্ষে ৯০ জন উপাচার্য প্রয়োজন আর এসব উপাচার্যের নিয়োগ দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার চ্যান্সেলর তথা রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি এককভাবে এই নিয়োগ দেন না। শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব আকারে নথি তৈরি করে, যা প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে চ্যান্সেলরের দপ্তরে যায়। সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বা অন্যান্য পদে কে নিয়োগ পাচ্ছেন, তা অনেকাংশে নির্ভর করে প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের ওপর, আর সাধারণত প্রধানমন্ত্রীর অভিপ্রায়ও প্রভাবিত হয় বিভিন্ন পর্যায়ে তদবিরের ওপর। প্রধানমন্ত্রীর পক্ষে এটি সব সময় জানা সম্ভব হয় না, তিনি যে ব্যক্তিটিকে নিয়োগের জন্য সুপারিশ করছেন, তাঁর উপাচার্য হওয়ার বা একটি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কি নেই। এর ফলে অনেক অযোগ্য ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়ে যান। সবচেয়ে বেশি সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে যখন একজন চরম উচ্চাভিলাষী ও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ধরনের ব্যক্তি প্রথম দিন থেকেই উপাচার্যের পদটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং প্রথম সুযোগেই উপাচার্যের জীবন দুর্বিষহ করে তোলেন এবং বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার চেষ্টা চালান। দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালের আইনের অধীনে সিনেট কর্তৃক উপাচার্য প্যানেল প্রস্তুত করার বিধান আছে। সেটি এখন বস্তুতপক্ষে অকার্যকর এবং এই কাজটি বেশ যত্নসহকারে করা হয়েছে বিগত চারদলীয় জোট সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগের একটি বিধান চালুর চেষ্টা করা হয়েছিল। তা তেমন সফল হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভিন্ন। এখানে উপাচার্য কে হবেন, তা অনেকটা ঠিক করে ট্রাস্টি বোর্ড। অধিকাংশ ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড এমন একজন ব্যক্তিকে উপাচার্য বা উপ-উপাচার্য হিসেবে প্রস্তাব করে, যিনি একান্তভাবে বোর্ডের বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করবেন, অর্থাৎ কর্তাভক্ত হবেন। ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্য বা উপ-উপাচার্যের যোগ্যতা সম্পর্কে তেমন কিছু উল্লেখ ছিল না। এর ফলে মালিক বা উদ্যোক্তাদের পক্ষে কেউ একজন এসব পদে নিয়োগ পেয়ে যেতেন। অধিকাংশ ক্ষেত্রে এঁদের অনেকেরই একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতাও থাকত না। ২০১০ সালের আইনে তা পরিবর্তন করে বলা হয়েছে, যিনি উপাচার্য হবেন তাঁর ২০ বছরের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। একজন উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক কর্মকর্তা, যার অর্থ তিনি তাঁর বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকবেন অথবা প্রয়োজনে তাঁকে ক্যাম্পাসে যেকোনো সময় পাওয়া যাবে। সরকারি বিশ্ববিদ্যালয়ের পদটি এমন যে একজন উপাচার্যকে বস্তুতপক্ষে ২৪ ঘণ্টা তাঁর কর্মক্ষেত্র সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়। কারণ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আবাসিক এবং এর ফলে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যেকোনো সময় অসন্তোষ দানা বেঁধে উঠতে পারে এবং তাতে উপাচার্যের হস্তক্ষেপ প্রয়োজন হয়। এটি যে শুধু সাম্প্রতিক কালের বিষয় তা নয়, অধ্যাপক নিমাই সাধন বসু দীর্ঘকাল আগে বিশ্বভারতীর উপাচার্য ছিলেন (১৯৮৪-৮৯)। উপাচার্য হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করে তিনি ভগ্ননীড় বিশ্বভারতী নামে একটি চমৎকার গ্রন্থ রচনা করেছিলেন। একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কত রকমের সমস্যার মুখোমুখি হতে হয়, সেই গ্রন্থে তা তিনি প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। বর্তমানে এসব সমস্যা কয়েক হাজার গুণ না হলেও কয়েক শ গুণ বেড়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অবশ্য এসব ঝুটঝামেলা তেমন একটা পুষতে হয় না। এমন একজন উপাচার্য প্রায় ২০ বছর তাঁর কর্মক্ষেত্রে অনুপস্থিত থেকে কাটিয়ে দিলেন। সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে এবং বলা যায়, একই সঙ্গে তাঁর বিশ্ববিদ্যালয়টিরও।একজন উপাচার্য কেমন হওয়া উচিত, তা আমার কাছে কেউ জানতে চাইলে তাঁদের বলি, একজন উপাচার্যের আদর্শ হওয়া উচিত অবিভক্ত বাংলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির মতো। এমন জ্ঞানগরিমা ও ব্যক্তিত্বসম্পন্ন আর সাহসী উপাচার্য সহজে একটি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। এই দেশে ঠিক স্যার আশুতোষ মুখার্জির মতো না হলেও বেশ কয়েকজন সফল ও ব্যক্তিত্বসম্পন্ন উপাচার্যের নাম করতে হয়। এঁদের মধ্যে ড. আর সি মজুমদার (ঢাবি), ড. মুহাম্মদ হোসেন (ঢাবি), বিচারপতি আবু সাঈদ চৌধুরী (ঢাবি), ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী (ঢাবি), ড. আবদুল মতিন চৌধুরী (ঢাবি), ড. ফজলুল হালিম চৌধুরী (ঢাবি), ড. এ কে আজাদ চৌধুরী (ঢাবি), ড. জিল্লুর রহমান সিদ্দিকী (জাবি), ড. আমিরুল ইসলাম চৌধুরী (জাবি), ড. খান সারওয়ার মুর্শিদ (রাবি), ড. সৈয়দ আলী আহসান (রাবি), ড. আবদুল খালেক (রাবি), ড. সাঈদুর রহমান খান (রাবি), ড. মোহাম্মদ হোসেন (কৃষি), ড. ইকবাল মাহমুদ (বুয়েট), ড. এ আর মল্লিক (চবি), ড. ইন্নাস আলী (চবি), অধ্যাপক আবুল ফজল (চবি), ড. আবদুল করিম (চবি), ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন (চবি) অন্যতম। আরও কিছু নাম হয়তো আছে, কিন্তু এ মুহূর্তে তাঁদের নাম মনে আসছে না। এসব উপাচার্যের যেমন জ্ঞানগরিমা ছিল, তেমন ছিল সাহস। দুর্নীতি, স্বজনপ্রীতি বা কর্তভজা হওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে কখনো শোনা যায়নি, যা বর্তমানে দুর্ভাগ্যজনক হলেও কোনো কোনো উপাচার্য সম্পর্কে হরহামেশা শোনা যায়।বর্তমানে দেশের বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের পদ খালি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও খালি হবে। ইতিমধ্যে এসব প্রাপ্তির আশায় যোগ্যতা থাক বা না থাক, কমপক্ষে গোটা পঞ্চাশেক পদপ্রার্থী দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বলে শুনেছি। এঁদের মধ্যে এমন ব্যক্তিও আছেন, যাঁরা স্রেফ দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়েছিলেন, কেউ কেউ এই সরকারেরই আমলে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের মধ্যে সরাসরি বিভাজন সৃষ্টি করেছেন, দু-একজন আছেন পারলে এখনই উপাচার্যের চেয়ারটি জোর করে দখল করেন। কারও কারও বিরুদ্ধে সন্ত্রাসী লালনের অভিযোগও শোনা যায়। সেদিন একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক আমাকে ফোনে জানালেন, অমুক শিক্ষক নাকি সেই বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন, এমন খবর আমি শুনেছি কি না। তাঁদের বলি, এমন খবর শোনার কোনো কারণ বা সুযোগ আমার নেই। যাঁরা আমাকে ফোন করেছেন তাঁরা কেউ ওই পদের জন্য বিন্দুমাত্র আগ্রহী নন। তাঁদের কাছে জানতে চাই, সেই শিক্ষকের ওই পদে নিয়োগে সমস্যা কোথায়? তাঁরা জানান, সেই শিক্ষক ওই পদে নিয়োগ পেলে তাঁদের ব্যক্তিগত কোনো ক্ষতি নেই, তবে সার্বিকভাবে সরকার ও বিশ্ববিদ্যালয়ের ইমেজের ক্ষতি হবে। তাঁরা এ-ও জানালেন, সেই শিক্ষক বর্তমানে অন্যের জমি দখলকর্মে শামিল হয়েছেন। মেনে নিতে কষ্ট হয়, তবে সব সম্ভবের দেশে এমনটি যদি হয়েও থাকে, তাহলে আশ্চর্য হওয়ারও কিছু থাকবে না।সরকার নিশ্চয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ দেবে। এটি হবে বর্তমান সরকারের সময় শেষ মেয়াদের নিয়োগ। ইতিমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ-প্রক্রিয়া একটি চলমান বিষয়। সব সময় যে সব নিয়োগ সঠিক হয় তা নয়, বর্তমান সরকারের আমলেও অনেক প্রশ্নবিদ্ধ নিয়োগ হয়েছে। এর ফলে সরকার অনেক বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হারিয়েছে। যাঁদের পরামর্শে এসব নিয়োগ তাঁদের তেমন কোনো ক্ষতি নেই, ক্ষতি যা সরকারের। তাঁরা সরকারঘনিষ্ঠ বলে সরকারের এই ক্ষতিগুলো করেছেন। সরকার সময় থাকতে তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এবং তার জন্য ভবিষ্যতে মূল্যও দিতে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগগুলো একটু সুচিন্তিত হলে ভালো। কোনো নিয়োগের ফলে এ সময় একটি বিশ্ববিদ্যালয় যদি অচল হয়, তার দায়ভার বর্তাবে সরকারের ওপর। যেকোনো নিয়োগের আগে সরকারের উচিত তার বিভিন্ন সূত্রের মাধ্যমে যাচাই করা, যে ব্যক্তিটিকে নিয়োগ দেওয়া হচ্ছে তাঁর চরিত্র আর যোগ্যতা সম্পর্কে। শুধু দলীয় আনুগত্যকেই এ ধরনের নিয়োগে কখনো প্রাধান্য দেওয়া উচিত নয়। আর কোনো বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের পদে নিয়োগের আগে উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা মঙ্গলজনক। কারণ, দুজনে মিলে যদি একটি টিম হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়।কিছুদিন আগে সরকারের শিক্ষাবিষয়ক একজন শীর্ষ নীতিনির্ধারক আমাকে ক্ষোভের সঙ্গে বলেছিলেন, বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা যতটা না সমস্যা সৃষ্টি করে, তার চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করেন কিছুসংখ্যক শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভেবেচিন্তে নিয়োগ দিলে এমন অনেক সমস্যা পরিহার করা সম্ভব। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় সম্পদ। যেকোনো মূল্যে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। বর্তমানে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম মোটামুটি চালু আছে। বর্তমান সরকারের শেষ সময়ে এসে তা ব্যাহত হোক, কেউ তা প্রত্যাশা করে না।আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।