একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কত আকারের ও প্রকারের অনিয়ম-অপচয় হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে ১৮ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে নেওয়া হয়েছে ৭৫ জনকে। উপাচার্য মহোদয়ের দাবি, বিজ্ঞপ্তিতেই নাকি উল্লেখিত পদের চেয়ে কম বা বেশি লোক নিয়োগের কথা ছিল। তাই বলে বিজ্ঞাপিত পদের প্রায় তিন গুণ! তাহলে বিজ্ঞপ্তি দেওয়ার কী প্রয়োজন ছিল।
কেবল লোক নিয়োগ নয়, ঐচ্ছিক ব্যয়, আপ্যায়ন ও টেলিফোন কলচার্জ—সব ক্ষেত্রেই উপাচার্য নিয়মের চেয়ে বেশি টাকা খরচ করেছেন। প্রকাশিত প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে উচ্চশিক্ষা নয়, উপাচার্যের ভোগবিলাস ও স্বেচ্ছাচারিতা জারি রাখার জন্যই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। তিনি যা খুশি করে বেড়াবেন, যাঁকে ইচ্ছে নিয়োগ দেবেন, কারও কিছু বলার থাকবে না। তাঁর স্বজনতোষণের কারণে মেধাবী ছাত্রী হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পাওয়া প্রার্থীও বাদ পড়েছেন।
একজন উপাচার্য কী করে বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়ি ব্যবহার করেন? নিজের গাড়ি থাকতে কেন উপাচার্য প্রকল্পের গাড়ি ব্যবহার করবেন? উপাচার্যের নামে সরকার গাড়ি বরাদ্দ করলেও নিশ্চয়ই তাঁর স্ত্রীর নামে গাড়ি বরাদ্দের বিধান নেই। বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-অপচয় এমন রূপ নিয়েছে যে সরকার-সমর্থক শিক্ষকেরাও প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন এবং প্রতিবাদকারীদের উপাচার্য জানিয়ে দিয়েছেন, তিনি যা করবেন, সেটাই নাকি আইন।
এই ধরনের উপাচার্য শিক্ষা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান কারও জন্যই নিরাপদ নয়। প্রতিবেদন মতে, উপাচার্যের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু যে উপাচার্য যা করবেন, সেটাই আইন বলে আস্ফালন করেন, সেই উপাচার্যকে পদে রেখে কোনো সুষ্ঠু তদন্ত হতে পারে না। তাই তদন্ত চলাকালে হয় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক অথবা ছুটিতে পাঠানো হোক। তদন্তে নির্দোষ প্রমাণিত হলেই তিনি কাজে ফিরবেন, তার আগে নয়।