সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের নিমিত্তে ১২ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন আমার মতো অনেকেই। আমি উত্তীর্ণ হলেও অনেকে মৌখিক পরীক্ষার কার্ড প্রাপ্তিতে ভোগান্তিতে পড়েন। তাঁদের কাছে কার্ড না পৌঁছলেও লিখিত পরীক্ষার প্রবেশপত্র দিয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় উপজাতীয় কোটা নীতি মোটেই অনুসরণ করা হয়নি। মোট মৌখিক পরীক্ষার্থীদের মধ্যে একমাত্র আদিবাসী/উপজাতি কোটার প্রার্থী থাকার কারণে অনেকেই ভালো ফল পাওয়ার প্রত্যাশী ছিলেন। কিন্তু অতি দুঃখের বিষয়, সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, আদিবাসী/উপজাতি কোটায় দিনাজপুরসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি, যা আমার মতো অনেককেই বিস্মিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উপজাতি কোটা নির্দিষ্ট থাকলেও নিয়োগের ক্ষেত্রে চরম বৈষম্য দেখানো হয়েছে, যা জাতিগত বর্ণবৈষম্যের নামান্তর। যদিও সংবিধানের অনুচ্ছেদ-২৮(১) ধারায় উল্লেখ আছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।’ একই অনুচ্ছেদের (৪) ধারায় বর্ণিত আছে যে ‘নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।’অতএব যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল প্রার্থনা, স্বচ্ছতা ও জবাবদিহির সুযোগ রেখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা নীতি অনুসরণপূর্বক অনগ্রসর জাতিগোষ্ঠী প্রার্থীদের নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। স্বপন এক্কাজগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।