কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও দায়িত্বহীন আচরণের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, সেটাই দেখলেন আম্পানের স্রোতে ভাসা কয়েক লাখ মানুষ। গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানলে উপকূলের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কয়রা উপজেলার বাসিন্দারা। খুলনা জেলা পরিষদ কার্যালয়ের হিসাবে কয়রায় আট হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে আর ১৫ হাজার কোনো না–কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ হাজার ২০০ ছাগল এবং ১ হাজার ৩৪টি ভেড়া মারা গেছে।
বিস্ময়কর হলো কয়রা উপজেলাসহ উপকূলের অনেক এলাকা সাগরের পানিতে ভেসে গেলেও বিপন্ন মানুষগুলোকে রক্ষায় সরকার কার্যত কিছু করেনি। ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণে এগিয়ে আসেনি পানি উন্নয়ন বোর্ড বা পাউবো। ফলে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরও বেশ কিছুদিন কয়রাবাসী আক্ষরিক অর্থেই পানিতে ভাসছিলেন। এ অবস্থায় এলাকাবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বাঁধ নির্মাণের উদ্যোগ নেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কয়রার দুর্গত মানুষ ঈদের দিনেও স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছেন। তখনো মাঠঘাট পুরোপুরি পানির নিচে।
গতকাল শনিবার প্রথম আলোর খুলনা প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, কয়রাবাসী স্বেচ্ছাশ্রমে বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া প্রায় ১৬ কিলোমিটার বাঁধের প্রায় পুরোটাই স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন। কেবল একটি স্থান এখনো ভাঙা আছে। পানিও অনেকটা নেমে গেছে। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে এই কাজও তাঁরা শেষ করতে পারবেন।
প্রবাদ আছে, দশে মিলে করি কাজ, হারি–জিতি নাহি লাজ। কিন্তু কয়রাবাসী হারেননি। তাঁরা জিতেছেন। কয়রাবাসী কাজটি করেছেন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। আমরা তাঁদের অভিনন্দন জানাই। কিন্তু সরকার বা পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কী করল? ২০০৯ সালে আইলা ও ২০০৭ সালে সিডরের পর পাউবো যদি দায়সারাভাবে বাঁধের কাজ না করত, তাহলে উপকূলবাসীকে এই মহাবিপদে পড়তে হতো না।
সরকার ঘূর্ণিঝড়ের আঘাত থেকে উপকূলবাসীকে রক্ষা করতে পারেনি। তাঁদের জীবিকার পথ প্রায় বন্ধ। এ অবস্থায় কয়রাসহ ক্ষতিগ্রস্ত উপকূলবাসী নতুন করে যাতে চাষাবাদ, হাঁস–মুরগি ও গবাদিপশু পালনের কাজ আবার শুরু করতে পারেন, সে জন্য সরকারের উচিত প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং যঁাদের অবহেলার কারণে বাঁধ নড়বড়ে হয়ে পড়েছিল, তঁাদের জবাবদিহির আওতায় আনা।