উল্টো পথে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার রাজধানীর বনানীতে উল্টো পথে চলমান পুলিশের গাড়ির চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক ছাত্র। না, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বুধবারের প্রথম আলোয় এ বিষয়ে সচিত্র প্রতিবেদন দেখায়—অহরহই পুলিশ, সরকারি কর্মকর্তা, সাংসদসহ ব্যক্তিগত গাড়ি উল্টো পথে চলছে। আইনের বালাই নেই, ট্রাফিক পুলিশের বাধা নেই, এ যেন নাগরিক সভ্যতারই এক উল্টোযাত্রা। আর এর খেসারত হিসেবেই প্রাণ গেল তরুণ রিয়াজ উদ্দিনের।
যাঁরা উল্টো পথে গাড়ি চালান, তাঁরা আইন ও নিয়ম বোঝেন না এমন নয়। বরং ট্রাফিক আইনকে থোড়াই পরোয়া করার ‘ক্ষমতা’র কারণেই তাঁরা এটি করেন। রাজধানীর মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত হেয়ার রোডে সবচেয়ে বেশি উল্টোযাত্রা হয়। পুলিশ পাহারা দিয়ে মন্ত্রীদের উল্টো পথে নিয়ে যায়। যাঁরা নাকি আইনের রক্ষক, এসব ঘটনা থেকে তাঁদের বেপরোয়া আইন ভঙ্গের প্রমাণ মেলে। শত শত গাড়ি যখন যানজটে আটকে থাকে, হাজারো যাত্রী যখন নিশ্চল হয়ে ভোগান্তি পোহান, তখন চোখের সামনে কতিপয় কর্তাব্যক্তির উল্টোযাত্রা সাধারণ নাগরিকদের প্রতি পরিহাসকর। ক্ষমতায়িত লোকদের পাশাপাশি এখন অন্যরাও এভাবে আইন ভঙ্গ করছেন। গণমাধ্যমের যানবাহন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসও এসব নিয়ম ভঙ্গে শামিল রয়েছে।
বিষয়টি সভ্যতা-ভব্যতার ব্যাপার যেমন, তেমনি আইনের প্রতি শ্রদ্ধাহীনতারও লক্ষণ। ক্রমশ এ প্রবণতা সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তরেও ছড়াচ্ছে। এ প্রবণতা শুধু ট্রাফিক আইন লঙ্ঘনেরই দৃষ্টান্ত নয়, সাধারণভাবে আইনের শাসন না থাকার উদাহরণ। অন্যদের দেখাদেখি এখন সাধারণ মানুষও সুযোগ পেলেই উল্টো পথে যানবাহন চালিয়ে দেয়। কথায় বলে আপনি আচরি ধর্ম। পুলিশ এবং ভিআইপিরাই যখন এমন আচরণ করেন, তখন সাধারণ মানুষও তো একই পথে চলাকে আর অনিয়ম মনে করে না। এভাবেই সমাজে নিয়মকানুনের প্রতি অনাস্থা সৃষ্টি হয়।
আশা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি পুলিশের গাড়িচাপায় প্রাণ হারালেন, সে ঘটনার যথাযথ তদন্ত ও বিচার দাবি করি।