যে যানজটের ফলে রাজধানী ঢাকার জনজীবন অত্যন্ত মন্থর হয়ে পড়েছে, যার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিরাট, তার পেছনে অনেক কারণ আছে। সেসবের মধ্যে সম্ভবত সবচেয়ে আপত্তিকর কারণ সড়কের উল্টো দিক দিয়ে যানবাহন চালানো। কোনো সভ্য সমাজে এটা কল্পনাতীত, কিন্তু আমাদের দেশে যেন স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, মোটরযানে উল্টো পথে চলার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন রাষ্ট্র ও সমাজের শীর্ষ পর্যায়ে অবস্থানকারী ব্যক্তিরা। বিশেষত তাঁরা, যাঁদের দায়িত্ব আইনকানুন মেনে চলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।
গতকালের প্রথম আলোয় প্রকাশিত একটি সরেজমিন প্রতিবেদনে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের যানবাহন উল্টো পথে চলার একটা চিত্র ফুটে উঠেছে, যা এই ক্ষেত্র সার্বিক চিত্রের একটা নমুনা হিসেবে বিবেচিত হতে পারে। আগের দিন রোববার রমনা উদ্যানের উল্টো দিকে ‘মন্ত্রীপাড়া’ হিসেবে পরিচিত এলাকার সড়কে পুলিশ হঠাৎ করে এক অভিনব অভিযান চালায়। উল্টো পথে চলা গাড়ি আটক করার এই অভিযানে প্রায় দুই ঘণ্টায় ৫৭টি গাড়ি আটক করলে দেখা যায়, সেগুলোর মধ্যে ৪০টিই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
প্রতিমন্ত্রী, সাংসদ, সচিব, প্রকৌশলী, রাজনৈতিক নেতা, পুলিশ, সাংবাদিক, বিচারক ও ব্যবসায়ী—এসব অবস্থানের ব্যক্তিদের অনেকের গাড়ি উল্টো পথে চলে, প্রথম আলোর প্রতিবেদনে পাওয়া এই তথ্য নতুন কোনো আবিষ্কার নয়। ঢাকাবাসী এমন দৃশ্য প্রতিনিয়তই দেখছে। নতুন ব্যাপার হলো রোববারের পুলিশি অভিযানটি। এবং এটা কৌতূহলের বিষয়ও বটে। কারণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি উল্টো পথে চললে ট্রাফিক পুলিশের সদস্যরা তাঁদের আটকান না, শাস্তি দেওয়া তো দূরের কথা। তাহলে হঠাৎ এই অভিযানের তাৎপর্য কী?
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অভিযানের সময় ওই সড়কে ছিলেন। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও ওখানে হাজির হয়েছিলেন। কিন্তু শাস্তি অর্থাৎ মামলা দায়ের করা হয়েছে গাড়িগুলোর চালকদের বিরুদ্ধে। আসলে আরোহীরা ক্ষমতাধর ও প্রভাবশালী বলেই যে গাড়িগুলোর চালকেরা উল্টো পথে চলেন এবং বরাবরই কোনো বাধা বা শাস্তির মুখোমুখি হন না—এই মৌলিক সমস্যাকে ওই পুলিশি অভিযানে স্পর্শ করা হয়নি। তাই এ ধরনের আকস্মিক অভিযানের নাটকীয়তা উপভোগ্য হতে পারে, কিন্তু এর টেকসই সুফল ফলবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়।
শুধু সরকারি কর্মকর্তা, প্রতিমন্ত্রী বা সাংসদ নন, সাংবাদিক, ব্যবসায়ী প্রভৃতি যেকোনো পেশা বা বৃত্তির মানুষের সামাজিক মর্যাদা কিংবা প্রভাব-প্রতিপত্তির জোরে আইনকানুন উপেক্ষা করে চলার প্রবণতা দমন করার ব্যবস্থা অবশ্যই থাকা উচিত।