সরকারবিরোধী রাজনৈতিক জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী গতকাল এক বিবৃতিতে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। হরতাল এ দেশে এখন এক চূড়ান্ত হঠকারী রাজনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে, যার সঙ্গে সত্যিকার অর্থে সুষ্ঠু রাজনীতির সম্পর্ক নেই, আছে নৈরাজ্যমূলক কারসাজি-মনোবৃত্তির যোগ।জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, দলটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতেই মূলত এই হরতাল। গতকাল ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর দিকের সড়কে জামায়াতে ইসলামীর বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হওয়া কথা ছিল। কিন্তু মহানগর পুলিশ নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থেকে সমাবেশ অনুষ্ঠানের অনুমতি দেয়নি। গতকাল মহানগর জামায়াতের এক নেতা হুমকি দিয়েছিলেন, এই কারণেও হরতাল ডাকা হতে পারে। যে কারণেই হোক, হরতাল জামায়াত ডেকেছে সরকারের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে।মহানগর পুলিশ বলেছে, নিরাপত্তার কথা ভেবে তারা জামায়াতকে সোমবার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠানের অনুমতি দেয়নি। কিছুদিন ধরে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যেভাবে আক্রমণ চালিয়ে আসছেন, তাতে মহানগর পুলিশ জামায়াতের যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করেই সহিংসতা ও নিরাপত্তাহীনতার আশঙ্কা অনুভব করতে পারে। বিনা উসকানিতে পুলিশের ওপর চড়াও হওয়া, আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া, শতাধিক পুলিশকে আহত করা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের তৎপরতার সাম্প্রতিক দৃষ্টান্ত। প্রতিপক্ষ রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পায়ের রগ কেটে দেওয়া থেকে শুরু করে হিংস্রতা প্রদর্শনে জামায়াত-শিবির যথেষ্ট কুখ্যাতি অর্জন করেছে। সরকার তাদের তথাকথিত ‘শান্তিপূর্ণ’ মিছিল-সমাবেশ করতে দেয় না বলে তারা যে অভিযোগ করে আসছে, তার ভিত্তি দুর্বল। কারণ, জামায়াত-শিবিরের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও জনসাধারণের মধ্যে ত্রাস সৃষ্টি করার যে প্রবণতা লক্ষ করা যাচ্ছে, তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়া স্বাভাবিক কর্তব্য হয়ে দাঁড়ায়। শক্তি প্রদর্শন ও সহিংস পথ অবলম্বনকে জামায়াত-শিবির দৃশ্যত একটি রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে।যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের নেতাদের বিচার চলছে, যা একটি আইনগত প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বানচাল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী তার ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে মাঠে নামিয়েছে বস্তুত তাদের শক্তির প্রদর্শনী করতে। নৈরাজ্য-নাশকতা সৃষ্টি ও রাষ্ট্রের আইন প্রয়োগ ব্যবস্থার ওপর সহিংস আক্রমণ চালিয়ে তারা যেন প্রমাণ করতে চাইছে যে তাদের শক্তি অটুট আছে। জামায়াতে ইসলামী নিজেকে নিবন্ধিত নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল দাবি করলেও কর্মসূচি পালনের নামে নৈরাজ্য-নাশকতা সৃষ্টি করে চলেছে। যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া এগিয়ে চলার সঙ্গে সঙ্গে তাদের যুদ্ধংদেহী আচরণ বৃদ্ধি পাচ্ছে। সহিংস পন্থায় শক্তি প্রদর্শনের এই কৌশল নিন্দনীয় ও পরিত্যাজ্য।জামায়াতের আজকের হরতাল স্পষ্টতই উসকানিমূলক। সরকারের সঙ্গে সংঘাতে যাওয়া এবং জনমনে ত্রাস সৃষ্টি করাই তাদের লক্ষ্য। জনগণের উচিত এই হরতালকে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দায়িত্ব শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা।