উৎপাদন বাড়াতে বিদেশি ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলা শেষ পর্যন্ত মধ্যপাড়া খনির জন্য ‘উৎপাদন ও ব্যবস্থাপনা’ ঠিকাদার নিয়োগ করার চুক্তি করল। ৯ মে ২০১৩ পেট্রোবাংলা জার্মান-বেলারুশ প্রতিষ্ঠান ‘জার্মানিয়া করপোরেশন লিমিটেড’-এর সঙ্গে ছয় বছরের জন্য ১৭১ মিলিয়ন ডলারের এই খসড়া চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে জার্মানিয়া করপোরেশন ভূগর্ভস্থ উন্নয়নসহ প্রতি টন পাথর উৎপাদনের জন্য প্রায় ১৮ মার্কিন ডলার হারে পেট্রোবাংলার অধীনে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির কাছ থেকে মূল্য পাবে। চুক্তি বাস্তবায়নকালে ঠিকাদার কোম্পানি ৯ দশমিক ২ মিলিয়ন টন পাথর উৎপাদন করবে। কোম্পানি বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আগামী আগস্ট মাসে জার্মানিয়া করপোরেশন তার কারিগরি লোকবলসহ মধ্যপাড়া খনিতে কাজ শুরু করবে। আশা করা হচ্ছে যে ঠিকাদার কাজ শুরু করলে মধ্যপাড়া খনি থেকে প্রতিদিন তিন শিফটে কাজ হবে এবং খনির উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যৎ উৎপাদনের প্রয়োজনীয় নির্ধারিত পরিমাণ ভূগর্ভস্থ অবকাঠামো নির্মিত হবে। উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রম ঠিকাদার যথাযথভাবে সম্পাদন করছেন কি না, সে বিষয়ে তদারকি ও সহায়তার জন্য আগামী দুই-তিন মাসের মধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে পেট্রোবাংলা পৃথক ‘সুপারভাইজিং কনসালট্যান্ট’ নিয়োগ করবে। দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরের খনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় নির্মাণ শেষে ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়োজিত রয়েছে। ১৯৯৪ সালে উত্তর কোরীয় ঠিকাদার নামনাম-এর সঙ্গে ‘টার্ন-কি’ চুক্তির অধীনে ২০০১ সালে খনি নির্মাণ শেষে মধ্যপাড়া খনি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার কথা ছিল। নানা কারণে খনির বাণিজ্যিক উৎপাদন পিছিয়ে ২০০৬ সাল থেকে শুরু হয়। শুরুতে আশা ছিল, নির্মাণ ও প্রশিক্ষণ শেষে পেট্রোবাংলা যখন খনি বুঝে নেবে, তত দিনে তার প্রশিক্ষিত জনবল, ব্যবস্থাপনা সামর্থ্য গড়ে উঠবে এবং প্রতিদিন খনি থেকে পাঁচ হাজার ৫০০ টন (বছরে ১ দশমিক ৬ মিলিয়ন টন) উৎকৃষ্ট মানের পাথর উত্তোলিত হবে। দেশে বছরে বিভিন্ন নির্মাণকাজে বর্তমানে যে প্রায় ১০ মিলিয়ন টন পাথরের চাহিদা রয়েছে, তার খানিকটা মধ্যপাড়া খনির উৎপাদিত পাথর দিয়ে পূরণ করা হয়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির উদ্যোগে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর কোম্পানির অধীনে উল্লেখযোগ্যসংখ্যক কোরীয় কারিগরি জনবল নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সাল থেকে খনি পরিচালনা করে এখন অবধি মধ্যপাড়া খনি থেকে মাত্র ১ দশমিক ৫ মিলিয়ন টন পাথর উত্তোলিত হয়েছে; এর মধ্যে ১ দশমিক ২৭ মিলিয়ন টন স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা হয়েছে। মধ্যপাড়া খনি থেকে উত্তোলিত পাথর প্রধানত গ্রানোডায়োরাইট খনিজসমৃদ্ধ মজবুত নির্মাণকাজের উপযোগী পাথর। উৎকৃষ্ট মানের কংক্রিট, রাস্তা, সেতু, বাঁধ নির্মাণকাজের জন্য এ-জাতীয় পাথরের চাহিদা রয়েছে। প্রধানত পলি গঠিত আমাদের দেশে পাথরের বিকল্প হিসেবে নির্মাণকাজে এখনো ইট ব্যবহূত হয়। বড় মাপের নির্মাণকাজে বিদেশ থেকে পাথর আমদানি করা হয়। তা ছাড়া সীমিত পরিমাণ নুড়িপাথর সিলেট, শেরপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও পার্বত্য চট্টগ্রাম এলাকার নদী ও খাল থেকে কুড়িয়ে নিয়মিত সংগ্রহ ও ব্যবহার করা হয়। গুণগতভাবে শ্রেয়তর মধ্যপাড়া খনির পাথরের চাহিদা বেড়ে যাওয়ায় টনপ্রতি পাথরের মূল্য সম্প্রতি বাড়ানো হয়েছে। খনিমুখে এখন এক টন উত্তোলিত বড় বোলডার) পাথরের মূল্য ২০ দশমিক ৯ মার্কিন ডলার, ভাঙা পাথরের (নির্মাণকাজের উপযোগী ও উৎপাদিত পাথরের প্রায় ৭৫ শতাংশ) মূল্য টনপ্রতি ২৬ হাজার ৯ মার্কিন ডলার। ভাঙা পাথর ছেঁকে যে গুঁড়া পাওয়া যায়, তা-ও বিক্রি হয় টনপ্রতি ৫ দশমিক ৯ ডলার মূল্যে। এর পরও মধ্যপাড়া খনি কর্তৃপক্ষ প্রায় ৬৭ কোটি ৪০ লাখ টাকা লোকসানের বোঝা এখন পর্যন্ত টানছে। গত কয়েক বছর উৎপাদনকালে দৈনিক মাত্র এক শিফট কাজ করে খনি শ্রমিক ও কর্তৃপক্ষ সীমিত উৎপাদন অব্যাহত রাখা পছন্দ করেছে; কেননা মধ্যপাড়া খনির ভূগর্ভস্থ কোনো উন্নয়ন কার্যক্রম (ভবিষ্যতের উৎপাদন অব্যাহত রাখার জন্য ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণ) বাস্তবায়ন করা হয়নি। ফলে সীমিত উৎপাদন কৃত্রিমভাবে খনির দীর্ঘ জীবন ধরে রাখবে বলে আশ্বস্ত থাকার চেষ্টা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে মধ্যপাড়া খনির উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টি কোনো অগ্রাধিকারও ছিল না। মজার ব্যাপার হলো, মধ্যপাড়ার খনির জন্য নির্বাচিত ১ দশমিক ২ বর্গ কিলোমিটার এলাকায় ভূগর্ভে ১২৮ মিটার গভীরতা থেকে শুরু করে খনন উপযোগী গভীরতায় প্রায় ১৭৪ মিলিয়ন টন পরিমাণ পাথরের মজুত রয়েছে। ১৯৯৪ সালে ১৫৮ মিলিয়ন ডলার (১৩৪ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রাসহ) ব্যয়ে সাড়ে ছয় বছরের মধ্যে যখন খনিটি নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়, তখন ৪৮ বছর ধরে বছরে ১ দশমিক ৬৫ মিলিয়ন টন হারে পাথর উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। টনপ্রতি মধ্যপাড়া খনির উৎপাদিত পাথরের বিক্রয়মূল্য ধরা হয়েছিল ২৩ মার্কিন ডলার। কিন্তু খনি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর থেকে এখন অবধি কার্যত খনি থেকে দৈনিক ৮০০ থেকে এক হাজার টনের বেশি পাথর উত্তোলিত হয়নি। সুতরাং মজুত পাথরের সীমাবদ্ধতা নয়, বরং কারিগরি জনবলের সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনা সীমিত উৎপাদন ও অব্যাহত লোকসানের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।পেট্রোবাংলার সাম্প্রতিক উদ্যোগ সফল হলে মধ্যপাড়া খনি আবার একটি সরগরম উৎপাদন ইউনিট হিসেবে সক্রিয় হবে। ঠিকাদার চুক্তি অনুযায়ী উৎপাদন এবং ভূগর্ভস্থ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্যপাড়া খনি তার লোকসান থেকে বেরিয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সুয়োগ পাবে।  ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।