উৎসে হাত দিন, প্রশাসনকে কঠোর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি মাছ রাখতে ও পেতে হয় নদী থেকে, তাহলে অবৈধ জাল বন্ধ ও উচ্ছেদ করতেই হবে। যেসব জালে নদী থেকে পোনা মাছ ধরা হয়, সে সবকেই অবৈধ জাল বলে। এ ছাড়া ডিমওয়ালা মাছ ধরাও নিষিদ্ধ। এ লক্ষ্যে আইন, অভিযান ও তৎপরতা থাকলেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ জালের আগ্রাসন। মৎস্য প্রজননের অন্যতম এলাকা ভোলায় ১৫ দিনব্যাপী অবৈধ জাল নির্মূল অভিযান চলার পরও বাজারে ঠিকই আসছে ইলিশের পোনা বা জাটকা। আইন থাকলে, প্রয়োজন থাকলে, অভিযান চললেও কেন উদ্দেশ্য বাস্তবায়ন হয় না, সে দিকটায় তাই কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
গত বুধবারের প্রথম আলোয় ভোলার মোহনায় অবৈধ জালে ইলিশের পোনা নিধনের সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ ওই দিনই ছিল ১৫ দিনব্যাপী অবৈধ জাল নির্মূল অভিযানের শেষ দিন। জেলা মৎস্য কর্মকর্তার বরাতে সংবাদে জানানো হয় যে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, ধ্বংস ও জেলেদের জরিমানা করা হয়েছে। কিন্তু ঢাকা-ভোলা নৌপথে শত শত নৌকায় জেলেরা অবৈধ জাল দিয়ে মাছ শিকার করেই যাচ্ছেন। এতে করে ইলিশের প্রজনন কমে এবং পূর্ণ আকার পাওয়ার আগেই মাছগুলো বাজারে চলে এসে বিপুল সম্ভাবনার অপচয় হয়।
কেবল জেলে পর্যায়ে ধরপাকড় করে পোনা মাছ নিধন বন্ধ করা যাবে না। যে সময় পোনা মাছ ধরা বন্ধ থাকবে, সে সময় জেলেদের জীবিকার সংস্থানের কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তখন মাছের আড়তে ও বাজারে পোনা মাছ বিক্রি প্রতিহত করতে হবে। যেসব অবৈধ জালে ১০ ইঞ্চির নিচের মাছ ধরা পড়বে, সর্বাত্মক অভিযান চালিয়ে সেগুলো ধ্বংস করতে হবে।
জেলে সমিতি ও সম্প্রদায়গুলোকে এমন কর্মসূচিতে জড়িত করতে হবে, যাতে তারা জাটকা সংরক্ষণকে লাভজনক মনে করে।