রাজধানীর উড়ালসড়কের নিচে ভাতের হোটেল, ঘোড়ার আস্তাবল, অবৈধ পার্কিং, মোটরসাইকেলের স্ট্যান্ড বা দোকান থাকার কথা নয়। কিন্তু তারপরও আছে। কেন কারা রাখছেন, তাও বুঝতে অসুবিধা হয় না। মগবাজার উড়ালসড়কের কাজ শেষ হয়নি বলে সেখানকার পরিস্থিতি না হয় বিবেচনার বাইরে থাকল। কিন্তু ২০১৩ সালের অক্টোবরে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক চালু হওয়ার পর তার নিচে ঘোড়ার আস্তাবল থাকবে কেন? কেনই–বা দেশের বৃহত্তম উড়ালসড়কটির নিচের অংশ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হবে?
অভিযোগ আছে, কর্তৃপক্ষ ইচ্ছে করেই নিচে ময়লা-আবর্জনা রেখে দিয়েছে, যাতে উড়ালসড়কের নিচ দিয়ে কোনো যানবাহন না যেতে পারে। প্রাইভেট–পাবলিক অংশীদারত্বে নির্মাণ করার অর্থ এই নয় যে নির্মাতা প্রতিষ্ঠান যা খুশি করবে। আরও দুর্ভাগ্যজনক যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রেরই এই উড়ালসড়ক দেখভাল করার কথা। তাঁর বাবা ও অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের নামেই এটি করা হয়েছে। উড়ালসড়কটি যদি কারও নামে না–ও করা হয়ে থাকে, তারপরও এর সৌন্দর্য রক্ষা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। নগর আওয়ামী লীগের নেতা হিসেবে তাঁর জানার কথা, কারা দখলবাজিতে লিপ্ত। এ ব্যাপারে মৌখিক আশ্বাস ছাড়া তিনি কিছু করেছেন বলে মনে হয় না।
চার লেনবিশিষ্ট এই উড়ালসড়ক কাজলা থেকে নিমতলী পর্যন্ত বিস্তৃত। বনানী উড়ালসড়ক যদি ভাগাড়মুক্ত রাখা যায়, কেন হানিফ উড়ালসড়কে সেই দৃষ্টান্ত অনুসরণ করা যাবে না। মগবাজার-মৌচাক উড়ালসড়কের কাজ শেষ হয়নি। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে কাজ শেষ হওয়ার পর যে তা সহজেই দখলমুক্ত করা যাবে, সেই ভরসা করা যাচ্ছে না।
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব যে উড়ালসড়কের নিচে নাগরিকদের জন্য বাগান, ব্যায়ামাগার, গ্রন্থাগার ও বসার স্থান নির্মাণ করার পরামর্শ দিয়েছেন, তা যুক্তিসংগত মনে করি। এমনটি করা হলে তা বিনোদনের সুবিধাবঞ্চিত ঢাকার নাগরিকদের একটু স্বস্তি দিতে পারবে। তবে সে ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার বিকল্প নেই। ছোট ছোট উড়ালসড়ক যদি বেসরকারি উদ্যোগে দৃষ্টিনন্দন রাখা যায়, তাহলে বড় উড়ালসড়কগুলো কেন যাবে না? কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?