উড়োচিঠিতে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামে একটি সংগঠন উড়োচিঠিতে চারজন শিক্ষকসহ দেশের ১০ জন বিশিষ্ট নাগরিককে হত্যা করার হুমকি দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। অনেক সময় ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিংবা নিছক মজা করার জন্যও কেউ কেউ জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে থাকেন। কিন্তু উদ্বেগের কারণ হলো, ইতিপূর্বে আনসারুল্লাহ বাংলা টিমসহ কয়েকটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে যাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ জিঘাংসার শিকার হয়েছেন।
এ কারণেই উড়োচিঠির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা প্রয়োজন। যেহেতু ডাকযোগে এসব চিঠি পাঠানো হয়েছে, সেহেতু প্রেরণের স্থান জানা কঠিন নয়। এই সূত্র ধরে কে বা কারা পাঠিয়েছে, সেটিও খুঁজে বের করাই সংশ্লিষ্টদের দায়িত্ব। তবে যে ১০ জন বিশিষ্ট নাগরিককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে, তাদের মধ্যে যেমন লেখক আছেন, তেমনি আছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদাধিকারী ব্যক্তিও। তাঁরা সবাই একই গোষ্ঠীর টার্গেট কি না, তাও খতিয়ে দেখা দরকার।
চার শিক্ষকসহ ১০ জনের প্রাণনাশের হুমকিস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উল্লিখিত ১০ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। এ রকম হুমকির মুখে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে সন্ত্রাসী গোষ্ঠী হুমকি দিয়েছে, তাদের খুঁজে বের করা। সরকারকে এও মনে রাখতে হবে যে, অসুস্থ, অস্থির ও বিদ্বিষ্ট রাজনীতির সুযোগেই এই জঙ্গিগোষ্ঠী নাশকতার সুযোগ পায়। তাই রাজনৈতিক পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বাভাবিক থাকে, সেদিকেও নজর দিতে হবে।
অবশেষে সরকার আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল প্রথম আলোয় খবর প্রকাশিত হয়েছে। স্বভাবতই প্রশ্ন ওঠে এত দিন কেন এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হলো না? এর আগে হরকাতুল জিহাদ, জমিয়াতুল মুজাহিদীন ও হিযবুত তাহ্রীরসহ বেশ কয়েকটি সংগঠন নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এসব সংগঠন নানাভাবে তৎপর রয়েছে। এ ব্যর্থতার দায় কে নেেব? তা ছাড়া, সমাজে সামগ্রিকভাবে নিরাপত্তার আবহ তৈরি করতে না পারলে ব্যক্তির নিরাপত্তাহীনতা দূর হবে না।