ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা শুরুতেই ব্যর্থ হওয়া এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী এই ফ্লাইটের সব যাত্রী, ক্রু ও পাইলট অক্ষত অবস্থায় রক্ষা পাওয়ার ঘটনাটি বড় স্বস্তির বিষয়। তবে এই ঘটনা একটা বড় অস্বস্তিরও জন্ম দিয়েছে। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়েছে। অস্ত্র নিয়ে কোনো ব্যক্তির উড়োজাহাজে ওঠা ও পরে অভিযানে তাঁর নিহত হওয়ার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার সঙ্গে জড়িত যুবকের সঙ্গের অস্ত্রটি আসল না নকল ছিল, তা এখনো কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। এ ব্যাপারে নানা ধরনের তথ্য সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু অস্ত্রটি আসল বা নকল যা–ই হোক, এমন কোনো বস্তু নিয়ে কারও পক্ষেই বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে উড়োজাহাজে উঠে পড়া সম্ভব নয়। বিমান প্রতিমন্ত্রী নিজেও বলেছেন, বিমানবন্দরে যে তল্লাশির ব্যবস্থা আছে, তাতে অস্ত্র নিয়ে উড়োজাহাজে যাওয়া সম্ভব নয়। তাহলে ঘটনাটি ঘটল কীভাবে?
উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিকে র্যাব পলাশ আহমেদ হিসেবে শনাক্ত করেছে। কিন্তু কমান্ডো অভিযানে তাঁর মৃত্যুর ফলে অনেক কিছুই অজানা থেকে যাবে। এমন একটি পরিস্থিতিতে অস্ত্র নিয়ে ছিনতাইকারী কীভাবে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করে উড়োজাহাজে উঠতে পারলেন—এর রহস্য ভেদ করতেই হবে। কারণ, এই ঘটনা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে একটি নেতিবাচক বার্তা দেবে, যা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা দুর্বল ও এতে ত্রুটি রয়েছে—এমন অভিযোগ তুলে যুক্তরাজ্য ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে সরাসরি কার্গো উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল। এমনকি তখন যুক্তরাজ্যের তরফে এটাও বলা হয়েছিল যে নিরাপত্তাব্যবস্থার উন্নতি না হলে যাত্রীবাহী উড়োজাহাজের সরাসরি ফ্লাইটও বন্ধ করে দেওয়া হবে। সেই নিষেধাজ্ঞা দেশের ভাবমূর্তির জন্য চরম ক্ষতিকর হয়েছিল। বিষয়টি শুধু যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যু নয়। কারণ, তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া যুক্তরাজ্যকে দায়িত্ব দিয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন শর্ত পূরণ করে দুই বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সক্ষম হয়েছে।
যেকোনো বিমানবন্দরের নিরাপত্তার মান ধরে রাখা একটি অব্যাহত প্রক্রিয়া। রোববারের এই উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনা বাংলাদেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার কোনো না কোনো পর্যায়ে ত্রুটির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। এই ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ নতুন করে চাপের মুখে পড়তে পারে। বিমান প্রতিমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আস্থাবান হলেও বাস্তবতা এটাই যে অস্ত্র নিয়ে একজন যাত্রী উড়োজাহাজে উঠতে পেরেছেন। ফলে ঘটনাটির একটি সুষ্ঠু ও যথাযথ তদন্ত সবচেয়ে জরুরি, যার মধ্য দিয়ে এটা বের হয়ে আসবে যে কোন স্তরের বা পর্যায়ের ত্রুটির জন্য ঘটনাটি ঘটেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই ঘটনা তদন্তে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। যথাযথ তদন্তের মাধ্যমে বিমানবন্দরের বর্তমান নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা বা ঘাটতির বিষয়গুলো চিহ্নিত করার কাজটি তাদের করতে হবে। একই সঙ্গে সরকারকে যথাসম্ভব দ্রুততায় সমস্যাগুলো সমাধানেরও উদ্যোগ নিতে এবং আন্তর্জাতিক পরিসরে ও বিদেশি উড়োজাহাজ সংস্থাগুলোর সামনে তা তুলে ধরতে হবে। আস্থা অর্জনের জন্য তা জরুরি।
আমরা আশা করব, ঘটনাটির মাত্রা ও গভীরতা বিবেচনায় নিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বশীল মহল যথাযথভাবে পরিস্থিতি সামাল দেবে।