সরকারের দাবি অনুযায়ী বাজারে পর্যাপ্ত চাল আছে, আমদানি শুল্ক কমানোর পর বিদেশ থেকে আমদানি করা চালও বাজারে আসতে শুরু করেছে। এটি স্বস্তির খবর হলেও চালের দাম ক্রমাগত বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন না করে পারে না।
চলতি বছরের শুরু থেকেই যখন দফায় দফায় চালের দাম বাড়ছিল, তখন সরকারের নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও নাজুক করেছে। কয়েক মাস আগে খাদ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমাদের জানা নেই। চালের বাজার ঊর্ধ্ব থাকা অবস্থায়ই আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ আমন ধান নষ্ট হয়েছে। এর আগে আগাম বন্যায় হাওরের ফসলও ভেসে গেছে।
এ অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের যতটা সক্রিয় ভূমিকা আশা করা গিয়েছিল, তারা তা পালনে ব্যর্থ হয়েছে। শুরুতেই চালের আমদানি শুল্ক ২ শতাংশে নামিয়ে আনলে ব্যবসায়ীরা দাম বাড়ানোর অজুহাত খাড়া করতে পারতেন না।
দেশের প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা এবং ফেরিঘাটে সাত-আট দিন ট্রাক আটকে থাকায় পরিবহন ব্যয় অনেক বেড়েছে, শেষ পর্যন্ত যার দায় এসে পড়ে ভোক্তাদের ওপরই। এ অবস্থায় চালের বাজার স্থিতিশীল রাখতে মজুতের পাশাপাশি পরিবহনের প্রতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোযোগী হওয়া দরকার। চাল বন্দরে এসে পড়ে থাকলে হবে না, স্বল্প সময়ে ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সড়কগুলো দ্রুত সংস্কার করতে না পারলে প্রত্যন্ত অঞ্চলে চাল পৌঁছানো কঠিন হবে বৈকি।
কুষ্টিয়া জেলা প্রশাসন চালের দাম কমানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দাম কমাতে বলেছে বলে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এভাবে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত উদ্যোগে চালের দাম স্থিতিশীল রাখা যাবে বলে মনে হয় না। এ জন্য সমন্বিত ও টেকসই পদক্ষেপ জরুরি। চাল আমদানি করে আপৎকালীন সমস্যা মেটানো গেলেও স্থায়ী সমাধানের জন্য উৎপাদন বাড়ানোর দিকেই নজর দিতে হবে।
কৃষকেরা যাতে আগামী বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রণোদনা দিতে হবে। চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান যত কমিয়ে আনা যাবে, বাজারে ততই স্থিতিশীলতা আসবে।