ঋণ নিয়ে অনিয়মই যেন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাত অনেক দিন ধরেই নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে ঋণ বিতরণ নিয়ে মাত্রাছাড়া অনিয়ম, যা অনেক ক্ষেত্রেই আর্থিক কেলেঙ্কারিতে রূপ নিচ্ছে। হল-মার্কের সাড়ে তিন হাজার কোটি টাকার কেলেঙ্কারি গোটা আর্থিক খাতকে বড়ভাবে নাজুক করে দিয়েছে।
কিন্তু সমস্যা হচ্ছে, পুরো বিষয়টি সরকার তথা নীতিনির্ধারকেরা এতটাই উদাসভাবে মোকাবিলা করেছে, যেন এটাও গা-সহা বিষয়। তাতে খেলাপি হওয়ার ও অনিয়ম করার বিষয়টি উৎসাহিত হয়েছে বলেই মনে হয়। আর এই ধারাবাহিকতাতেই
চট্টগ্রামে এইচআর গ্রুপের এক হাজার কোটি টাকার অনিয়মের বিষয়টি ঘটেছে। প্রথম আলোর প্রতিবেদন থেকেই জানা যায় যে নামে-বেনামে ১৮ ব্যাংকের ২০টি শাখা থেকে এই শিল্পগোষ্ঠী ঋণের মোড়কে প্রায় এক হাজার কোটি টাকা তুলে নিয়েছে, যার পুরোটাই খেলাপি। অর্থাৎ, এই অর্থ ব্যাংকগুলো কতটা ফেরত পাবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
সার্বিকভাবে সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের উপাত্ত অনুসারে, জুন পর্যন্ত সময়কালে দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ১০ দশমিক ৭৫ শতাংশ খেলাপি, যা মার্চ শেষে ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ। তার মানে ব্যাংক খাতের অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত আছে। অসাধু ব্যাংকারদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন ব্যবসায়ী-শিল্পগোষ্ঠী ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ফেরত না দেওয়ার উদ্দেশ্যে। কেননা, বছরের পর বছর খেলাপি হয়ে থাকলেও তেমন কোনো সমস্যা নেই।
কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নজরদারির সুযোগ আর সরকারের রাজনৈতিক মদদে ব্যাংকঋণ নিয়ে অনিয়ম-দুর্নীতি যেন ক্রমেই শক্তিশালী অবস্থান করে নিচ্ছে। এই প্রবণতা কোনোভাবেই অর্থনীতির জন্য সহায়ক হতে পারে না। বাংলাদেশ ব্যাংককে তাই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ও অনিয়ম রোধে আরও কঠোর অবস্থান নিতে হবে। অর্থ মন্ত্রণালয় তথা সরকারকেও এ বিষয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সুশাসনে মনোযোগ দিতে হবে।